ঢাকা, আগস্ট ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিচারের নির্ধারিত সময়সীমা পার হয়ে যাবে বলে ২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় দায়ের দুই মামলা ঢাকার এক নম্বর দ্রুত বিচার আদালত থেকে আগের বিচারিক আদালত মহানগর দায়রা জজ আদালতে বদলি করা হয়েছে।
দ্রুত বিচার আদালত আইনে মামলা বিচারের নির্ধারিত ১৩৫ কার্যদিবস পার হয়ে যাবে বলে ঢাকার এক নম্বর দ্রুত বিচার আদালতের বিচারক মো. মাসদার হোসেন এ বদলির আদেশ দিয়েছেন।
গত রোববার দেওয়া ওই আদেশের কথা মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেন মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী আবুল কালাম আজাদ।
এ দুই মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবীদের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ৩ আগস্ট আদালত অধিকতর তদন্ত করে দুই মাসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার জন্য পুলিশের মহাপরিদর্শককে নির্দেশ দেয়।
আদালত মামলা বদলির আদেশে বলেছে, অধিকতর তদন্তের জন্য দেওয়া সময়ে বিচারের কার্যদিবস ১৩৫দিন অতিক্রম করবে।
২০০৮ সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় এটি দ্রুত বিচার আদালতে স্থানান্তর হয়।
এদিকে, গত ১২ আগস্ট মামলা দুটিতে অভিযুক্ত আরিফ হাসান সুমন এবং মুন্সী মহিবুল্লাহকে জামিন দেয় দ্রুত বিচার আদালত।
২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় দলের কেন্দ্রীয় নেত্রী আইভি রহমানসহ ২৩ জন নিহত ও সাংবাদিকসহ কয়েক'শ আহত হয়।
ওই ঘটনায় মতিঝিল থানায় উপ-পরিদর্শক শরীফ ফারুক আহমেদ বাদি হয়ে একটি মামলা দায়ের করেন।
তদন্ত কর্মকর্তা পরিবর্তন, তদন্ত ভিন্ন খাতে প্রবাহিত করাসহ নানা দীর্ঘসূত্রতার পর গত বছরের ১১ জুন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সহকারী পুলিশ সুপার ফজলুল কবির হত্যা ও বিস্ফোরক আইনে আলাদা দুটি অভিযোগপত্র দেন।
এ মামলায় বিএনপি নেতা ও সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিণ্টু, হরকাতুল জিহাদ নেতা মুফতি হান্নানসহ ২২ জন আসামি। শেখ হাসিনাকে হত্যার জন্যই ওই হামলা চালানো হয় বলে পরে হুজি নেতারা পুলিশি জিজ্ঞাসাবাদে স্বীকার করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এজে/এমআই/১৮৫৪ ঘ.
bdnews24