২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় সালাউদ্দিন কাদেরের বিরুদ্ধে মানহানির মামলা

বিএনপিদলীয় সাংসদ সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে সোমবার খুলনার আদালতে ১০ কোটি টাকার মানহানির মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2009, 11:24 AM

Updated : 26 Aug 2022, 11:54 AM

খুলনা, আগস্ট ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিএনপিদলীয় সাংসদ সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে সোমবার খুলনার আদালতে ১০ কোটি টাকার মানহানির মামলা হয়েছে। দুপুর সাড়ে ১২টার দিকে খুলনার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিমের আদালতে মামলাটি করেন অতিরিক্ত সরকারি কৌসুলি (এজিপি) সুলতানা রহমান শিল্পী। হাকিম আবু শামীম আজাদ মামলাটির বিচার বিভাগীয় তদন্তের জন্য খুলনা মহানগর হাকিম স্বপন কুমার সরকারকে নির্দেশ দিয়েছেন। মামলার নথি থেকে জানা যায়, বাদী তার আরজিতে বলেছেন গত ১৩ আগস্ট রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় সালাউদ্দিন কাদের চৌধুরী বলেছেন, '১৯৭৫ সালের ১৫ আগস্টের হত্যাকাণ্ড অপরিহার্য ছিল', যা ১৪ আগস্ট দেশের বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়। ওই সংবাদ পাঠ করে বাদী মানসিকভাবে আহত হয়েছেন যার ক্ষতিপূরণ আর্থিকমূল্যে সম্ভব নয়। তবু তা আর্থিক বিচারে ১০ কোটি টাকার সমতুল্য বলে তিনি আরজিতে উল্লেখ করেন। আরজিতে আরও বলা হয়, আসামি সালাউদ্দিন কাদের চৌধুরী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে মানহানিকর বক্তব্য দিয়ে বাদীসহ কোটি কোটি মানুষের অনুভূতিতে আঘাত করে দণ্ডবিধির ৫০০/৫০১ ধারায় অপরাধ করেছেন। এছাড়া সালাউদ্দিন কাদের চৌধুরীকে যুদ্ধাপরাধী, দেশদ্রোহী ও অশ্লীলভাষী ব্যক্তি বলেও আরজিতে উল্লেখ করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২০৪০ ঘ.