২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জিয়া ট্রাস্ট মামলার অভিযোগপত্রের গ্রহণযোগ্যতার শুনানি পিছিয়েছে

খালেদা জিয়াসহ ছয়জনকে আসামি করে দেওয়া জিয়া অরফানেজ (এতিমখানা) ট্রাস্ট দুর্নীতি মামলার অভিযোগপত্রের গ্রহণযোগ্যতার শুনানি পিছিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2009, 06:47 AM

Updated : 26 Aug 2022, 11:53 AM

ঢাকা, আগস্ট ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খালেদা জিয়াসহ ছয়জনকে আসামি করে দেওয়া জিয়া অরফানেজ (এতিমখানা) ট্রাস্ট দুর্নীতি মামলার অভিযোগপত্রের গ্রহণযোগ্যতার শুনানি পিছিয়েছে। আগামী ৩০ আগস্ট শুনানির নতুন দিন ধার্য করেছেন ঢাকা মহানগর বিশেষ জজ আদালতের বিচারক এএনএম বশিরউল্লাহ। সেদিন সব আসামিকে আদালতে উপস্থিত হওয়ার আদেশও দিয়েছে আদালত। মামলার আসামিদের অনুপস্থিতির কারণেই শুনানি পেছালো। শুনানির নির্ধারিত দিন বুধবার আদালতে কোনও আসামি উপস্থিত না থাকায় বিচারক আসামি পক্ষের আইনজীবীদের কাছে এর কারণ জানতে চান। তখন আসামি পক্ষের আইনজীবীরা জানান, আসামিদের আদালতে হওয়ার ক্ষেত্রে তাদের নিরাপত্তার বিষয়টি জড়িত। যথাযথ নিরাপত্তা দেওয়া হলে খালেদা জিয়া আদালতে হাজির হবেন জানিয়ে আইনজীবীরা বিরোধী দলীয় নেত্রীর নিরাপত্তার ব্যবস্থা নিতে প্রশাসনকে আদেশ দেওয়ার জন্য বিচারকের কাছে একটি আবেদন করেন। একইসঙ্গে শুনানি পেছানোর জন্য সময়ের আবেদনও করা হয়। আসামি পক্ষের আইনজীবী জয়নাল আবেদিন মেসবাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অভিযোগপত্রের গ্রহণযোগ্যতার শুনানি পিছিয়েছে। যথাযথ নিরাপত্তা দিলে খালেদা জিয়া আদালতে হাজির হবেন বলেও আমরা আদালতকে জানিয়েছি। আদালতকে এটাও বলা হয়েছে, এ মামলায় খালেদা জিয়ার জামিনের মেয়াদ হাইকোর্ট বাড়িয়েছে। দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক হারুণ অর রশীদ গত ৫ আগস্ট এ মামলার অভিযোগপত্র দাখিল করেন। ওই অভিযোগপত্রে যাদের আসামি করা হয়, তারা হলেন- বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, তার বড় ছেলে তারেক রহমান, জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মুখ্য সচিব কামাল উদ্দিন সিদ্দিকী, সাবেক সাংসদ কাজী সালিমুল হক কামাল ও শরফুদ্দীন আহমেদ। এ মামলায় রাষ্ট্রপক্ষে মোট ৩৬ জনকে সাক্ষী করা হয়েছে। জিয়া অরফানেজ ট্রাস্টের ২ কোটি ১০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে গত বছরের ৩ জুলাই বিএনপি চেয়ারপারসন খালেদাসহ সাতজনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন মামলাটি দায়ের করে। এ মামলায় খালেদা, তারেক, কামাল উচ্চ আদালত থেকে জামিনে রয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এফএফ/এমআই/১২৫০ ঘ.