২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আ'লীগ কমিটি: মুকুল,সাবের, মান্না, মান্নান, সুলতান বাদ

দলের কার্যনির্বাহী সংসদের সদস্য পদও পেলেন না আওয়ামী লীগের অনেক পরিচিত মুখ। আগের কমিটির সাংগঠনিক সম্পাদক সাবের হোসেন চৌধুরী, মাহমুদুর রহমান মান্না, আব্দুল মান্নান, সুলতান মুহাম্মদ মনসুর আহমেদকে কার্যনির্বাহী সংসদের সদস্যও করা হয়নি। এছাড়া আগের যুগ্ম সাধারণ সম্পাদক মুকুল বোস, কার্যনির্বাহী সদস্য আবু সাইয়িদ, আখম জাহাঙ্গীরও কমিটিতে স্থান পাননি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2009, 01:39 PM

Updated : 26 Aug 2022, 11:52 AM

ঢাকা, আগস্ট ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-দলের কার্যনির্বাহী সংসদের সদস্য পদও পেলেন না আওয়ামী লীগের অনেক পরিচিত মুখ। আগের কমিটির সাংগঠনিক সম্পাদক সাবের হোসেন চৌধুরী, মাহমুদুর রহমান মান্না, আব্দুল মান্নান, সুলতান মুহাম্মদ মনসুর আহমেদকে কার্যনির্বাহী সংসদের সদস্যও করা হয়নি। এছাড়া আগের যুগ্ম সাধারণ সম্পাদক মুকুল বোস, কার্যনির্বাহী সদস্য আবু সাইয়িদ, আখম জাহাঙ্গীরও কমিটিতে স্থান পাননি। তবে আগের সাত সাংগঠনিক সম্পাদকের মধ্যে আব্দুর রহমান, আখতারুজ্জামান ও বীর বাহাদুরকে কার্যনির্বাহী সংসদে সদস্য হিসেবে রাখা হয়েছে। কাউন্সিলের ১৮ দিনের মাথায় সোমবার গণমাধ্যমে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে কার্যনির্বাহী সংসদের ২৬ সদস্যের নাম ঘোষণা করে আওয়ামী লীগ। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা দলের গঠনতন্ত্রের ১৮ ধারায় বর্ণিত কার্যনির্বাহী সংসদের ২৬ সদস্যের নাম সভাপতিমণ্ডলীর সঙ্গে আলোচনা করে নির্বাচন করেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। কমিটিতে শূন্য থাকা তথ্য ও গবেষণা সম্পাদকের পদ পেয়েছেন আফজাল হোসেন। তবে আওয়ামী লীগের ৭৩ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদে এখনো যুগ্ম সাধারণ সম্পাদকের একটি পদ শূন্য রয়েছে। এর আগে গত ৩০ জুলাই সভাপতিমণ্ডলী ও সম্পাদক মণ্ডলী ঘোষণা করা হয়। সে সময় দলের নীতি নির্ধারণী সভাপতিমণ্ডলী থেকে বাদ পড়েন আমির হোসেন আমু, আব্দুর রাজ্জাক, তোফায়েল আহমেদ, সুরঞ্জিত সেনগুপ্ত ও আব্দুল জলিল। তাদের দল থেকে একেবারে বাদ না দিয়ে রাখা হয় ২০ সদস্যের অনেকটাই ক্ষমতাহীন উপদেষ্টা পরিষদে। সে সময়ও বাদ পড়েন সাবের হোসেন চৌধুরীসহ আগের কমিটির সাত সাংগঠনিক সম্পাদক। উল্লেখিত বাদ পড়ারা মূলত বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় কথিত 'সংস্কারপন্থী' হিসেবে পরিচিত। ২৬ সদস্যের নতুন কার্যনির্বাহী সদস্যরা হলেন, মোহাম্মদ নাসিম, আবুল হাসনাত আব্দুল্লাহ, আলতাফ হোসেন (মাগুরা), অধ্যক্ষ মতিউর রহমান (ময়মনসিংহ), ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন (চট্টগ্রাম), শেখ হারুন অর রশিদ ( খুলনা),মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, একে এম রহমত উল্লাহ, সৈয়দা জেবুন্নেছা ( সিলেট), বেগম মন্নুজান সুফিয়ান, খায়রুজ্জামান লিটন, অ্যাডভোকেট ফজলে রাব্বী, বিপুল ঘোষ, আব্দুর রহমান, আখতারুজ্জামান, বীর বাহাদুর, টিপু মুন্সী ( রংপুর), মোস্তফা ফারুখ (যশোর), এমএ মান্নান ( সুনামগঞ্জ), মজিবুর রহমান মজনু (বগুড়া), মির্জা আজম, মমতাজ উদ্দিন মেহেদী, আখতার জাহান (রাজশাহী), শিরিন শারমীন চৌধুরী, সাবেক ছাত্রনেতা সুজিত রায় নন্দী ও আমিনুল ইসলাম আমিন। নতুন কমিটিতে আগের কার্যনির্বাহী সংসদের সদস্য আবু সাইয়িদ ও আখম জাহাঙ্গীর হোসেন ছাড়াও অধ্যাপক মোহাম্মদ হানিফ, মির্জা সুলতান রাজা, আখতারুজ্জামান চৌধুরী, এবিএম মহিউদ্দিন চৌধুরী, তালুকদার আব্দুল খালেক, মোস্তফা রশিদী সুজা, মোহাম্মদ ওমর আলী, হাবিবুর রহমান মোল্লা, হাবিবুর রহমান খান, শরফুদ্দিন আহমেদ ঝন্টু ও মোস্তাফিজুর রহমান ফিজারকে রাখা হয়নি। এর আগে গত ২৪ জুলাই দলীয় কাউন্সিলে আওয়ামী লীগের আগের কমিটি ভেঙে ওইদিনই শেখ হাসিনাকে সভানেত্রী ও সৈয়দ আশরাফুল ইসলামকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য কাউন্সিল সভানেত্রীকে দায়িত্ব দেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/এইচএ/২০২০ ঘ.