২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুই মামলায় তারেকের জামিন বহাল

দুটি মামলায় খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানের জামিন আবেদন বহাল রেখেছে আপিল বিভাগ। তারেকের ছোট ভাই আরাফাত রহমান কোকোর অবৈধ সম্পদ অর্জন মামলার কার্যক্রম স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশও বহাল রাখা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2009, 10:09 AM

Updated : 26 Aug 2022, 11:52 AM

ঢাকা, আগস্ট ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুটি মামলায় খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানের জামিন আবেদন বহাল রেখেছে আপিল বিভাগ। তারেকের ছোট ভাই আরাফাত রহমান কোকোর অবৈধ সম্পদ অর্জন মামলার কার্যক্রম স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশও বহাল রাখা হয়েছে। বিচারপতি ফজলুল করিমের নেতৃত্বে তিন বিচারপতির বেঞ্চ জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় তারেকের জামিন আদেশের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের আপিল অনুমতির আবেদন (লিভ টু আপিল) সোমবার খারিজ করে দেয়। এ মামলায় খালেদা, তারেকসহ ছয়জনকে আসামি করে গত সপ্তাহে অভিযোগপত্র দেয় দুর্নীতি দমন কমিশন। আমিন আহমেদ ভূঁইয়ার দায়ের করা চাঁদাবাজি মামলায় তারেকের জামিন আদেশের বিরুদ্ধে সরকার পক্ষে আপিল অনুমতির আবেদন করা হয়। সে আবেদন সোমবার খারিজ করে দেয় বিচারপতি তাফাজ্জাল হোসেনের নেতৃত্বে তিন বিচারপতির বেঞ্চ। ফলে এ দুটি মামলায় তারেকের জামিন বহাল থাকলো। তারেক বর্তমানে যুক্তরাজ্যে রয়েছেন। কোকোর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা অবৈধ সম্পদ অর্জনের মামলা স্থগিত করে দেওয়া হাইকোর্টের আদেশের বিরুদ্ধেও আপিল অনুমতির আবেদন করে দুর্নীতি দমন কমিশন। তা সোমবার খারিজ করে দেয় ফজলুল করিমের নেতৃত্বাধীন বেঞ্চ। আদালতে তারেক ও কোকোর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রফিক উল হক। সরকারের পক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। দুর্নীতি দমন কমিশনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট খুরশিদ আলম খান। এছাড়া উত্তরা মোটর্সের মালিক গিরিধারি লাল মোদীর বিরুদ্ধে দায়ের করা অবৈধ সম্পদ অর্জন মামলার কার্যক্রম স্থগিত করে দেওয়া হাইকোর্টের আদেশও বহাল রেখেছে আপিল বিভাগ। এদিকে দুটি মামলায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খানের ছেলে ফয়সাল মোরশেদ খানকে দেওয়া হাইকোর্টের জামিনের আদেশের বিরুদ্ধে সরকার সোমবার আপিল অনুমতির আবেদন করেছে। মঙ্গলবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি মোহাম্মদ মোজাম্মেল হোসেনের আদালতে এর ওপর শুনানি হবে। সাজাপ্রাপ্ত ফয়সালকে গত সপ্তাহে জামিন দেয় হাইকোর্ট। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এমইউএস/এমআই/১৬১৬ ঘ.