ঢাকা, আগস্ট ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হলে কক্ষ দখলকে কেন্দ্র করে বৃহস্পতিবার দুপুরে ছাত্রলীগের দু'পক্ষে সংঘর্ষে অন্তত ১২ ছাত্র আহত হয়েছে।
আহতরা ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল ও বিশ্ববিদ্যালয় মেডিক্যাল সেন্টারে চিকিৎসা নিয়েছেন। ঘটনার পর হলে তল্লাশি চালিয়েছে পুলিশ।
ছাত্রলীগের হল শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ বাধে বলে শিক্ষার্থীরা জানিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের হল কমিটি গঠনের এক সপ্তার মাথায় এ সংঘর্ষের ঘটনা ঘটলো।
হলের ছাত্ররা জানায়, হলের দোতালার ২০৩ নম্বর কক্ষের দখলকে কেন্দ্র করে গত ২/৩ দিন ধরে হল ছাত্রলীগের সভাপতি সাঈদ মজুমদার ও সাধারণ সম্পাদক জিয়াউল হক তুহিনের সমর্থকদের মধ্যে দ্বন্দ্ব চলছিল। এর জের ধরে বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে সাধারণ সম্পাদক সমর্থকরা রড, হকিস্টিক ও লাঠিসোঁটা নিয়ে সভাপতি সমর্থকদের ওপর হামলা চালায়।
আহতদের মধ্যে রয়েছেন- মাসুদুর রহমান (২৪), রবিউল ইসলাম (২৪), ফোরকান (২৩), রকি (২২), পলাশ (২২), ইমরান (২৩), রবি (২৪) ও সাইফুল আলম (২৩)। বাকি চারজনের নাম তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুল ইসলাম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করার জন্য একটি তদন্ত কমিটি করা হচ্ছে।
তিনি বলেন, "যারা মারপিট করেছে, তারা কেউ এমনিতে মাফ পাবে না। অবশ্যই 'অ্যাকশন' হবে। যারা বিশ্ববিদ্যালয়ের সুস্থ পরিবেশ নষ্ট করবে তারা ছাড় পাবে না।"
প্রক্টর জানান, ঘটনার পর হলে তল্লাশি চালিয়ে কয়েকটি কক্ষ থেকে লাঠি, হকিস্টিক, রড উদ্ধার করেছে শাহবাগ থানা পুলিশ।
সাত বছর পর গত ৩০ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১১টি ছাত্র হলে ছাত্রলীগের নতুন কমিটি গঠন করা হয়। এর আগে গত ২০০২ সালে ছাত্রলীগের হল কমিটি হয়েছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এমআই/১৬৫০ ঘ.
bdnews24