২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১২ আগস্ট আদালতে উঠবে জিয়া ট্রাস্ট মামলার অভিযোগপত্র

জিয়া অরফানেজ ট্রাস্ট (এতিমখানা) দুর্নীতি মামলার অভিযোগপত্র আগামী ১২ আগস্ট আদালতে তোলা হবে। খালেদা জিয়াসহ ছয়জনকে আসামি করে দেওয়া এ অভিযোগপত্র গ্রহণ করা হবে কিনা, সেদিনই তা ঠিক হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2009, 07:59 AM

Updated : 26 Aug 2022, 11:51 AM

ঢাকা, আগস্ট ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জিয়া অরফানেজ ট্রাস্ট (এতিমখানা) দুর্নীতি মামলার অভিযোগপত্র আগামী ১২ আগস্ট আদালতে তোলা হবে। খালেদা জিয়াসহ ছয়জনকে আসামি করে দেওয়া এ অভিযোগপত্র গ্রহণ করা হবে কিনা, সেদিনই তা ঠিক হবে। দুর্নীতি দমন কমিশন বুধবার এ মামলার অভিযোগপত্র আদালতে দাখিল করেছে। ঢাকা মহানগর বিশেষ জজ আদালতের বিচারক এএনএম বশিরউল্লাহ বৃহস্পতিবার অভিযোগপত্র গ্রহণের বিষয়ে শুনানির দিন ধার্য করেছেন ১২ আগস্ট। নিয়মানুযায়ী ওইদিন শুনানির পর অভিযোগপত্র গ্রহণ করা হলে পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হবে। আর অভিযোগপত্রে ত্র"টি খুঁজে পেলে আদালত পুনরায় অভিযোগপত্র দাখিল করার নির্দেশ দিতে পারে। জিয়া অরফানেজ ট্রাস্টের ২ কোটি ১০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে গত বছরের ৩ জুলাই বিএনপি চেয়ারপারসন খালেদাসহ সাতজনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন মামলাটি দায়ের করে। তদন্ত শেষে খালেদা, তার বড় ছেলে তারেক রহমানসহ ছয়জনকে আসামি করে অভিযোগপত্র দেয় কমিশনের সহকারী পরিচালক হারুণ অর রশীদ। তদন্ত কর্মকর্তা হারুণ অভিযোগপত্রে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মুখ্য সচিব কামাল উদ্দিন সিদ্দিকী ও শরফুদ্দীন আহমেদকে পলাতক দেখিয়েছেন। তবে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর অনুসন্ধানে ধরা পড়েছে, শরফুদ্দীন জামিনে রয়েছেন। আদালতে রক্ষিত মামলার নথিতে দেখা যায়, সরফুদ্দিন হাইকোর্ট থেকে জামিন নিয়ে গত বছরের ২৫ আগস্ট জামিননামা ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে দাখিল করেন। অন্যদিকে অভিযোগপত্রে জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমান জামিনে আছেন উল্লেখ করা হলেও তার জামিন সংক্রান্ত কোনও কাগজপত্র মামলার নথিতে নেই। অর্থাৎ তিনি পলাতক। এই মামলায় বিরোধীদলীয় নেত্রী খালেদা উচ্চ আদালত থেকে জামিনে রয়েছেন। মামলার অপর আসামি সাবেক বিএনপি সাংসদ কাজী সালিমুল হক কামালও জামিনে রয়েছেন। এ মামলায় রাষ্ট্রপক্ষে মোট ৩৬ জনকে সাক্ষী করা হয়েছে। তারেক রহমান তার বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোয় জামিন পাওয়ার পর গতবছর চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এফএফ/এমআই/১৪১০ ঘ.