২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানিলন্ডারিং মামলা: কোকোর রিট দায়েরে জালিয়াতির অভিযোগ

খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর বিরুদ্ধে দায়ের করা মানি লন্ডারিং মামলার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন দায়েরে জালিয়াতির অভিযোগ এনে এ ব্যাপারে তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়েরের আবেদন জানিয়েছে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2009, 01:04 PM

Updated : 26 Aug 2022, 11:51 AM

ঢাকা, আগস্ট ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর বিরুদ্ধে দায়ের করা মানি লন্ডারিং মামলার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন দায়েরে জালিয়াতির অভিযোগ এনে এ ব্যাপারে তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়েরের আবেদন জানিয়েছে সরকার। বুধবার বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর বেঞ্চ এ বিষয়ে উভয়পক্ষের শুনানি গ্রহণ করেছে। আগামী সোমবার এ বিষয়ে আদালত আদেশের দিন ধার্য করেছে। (বিস্তারিত) ২ আগস্ট কোকোর পক্ষে পাওয়ার অব অ্যাটর্নি (আমমোক্তার) তাহেরুল ইসলাম তৌহিদ হাইকোর্টে রিট আবেদনটি দায়ের করেন। রিট আবেদনে ওই মামলাটি অবৈধ ও বাতিল ঘোষণার আবেদন করা হয়। সরকার পক্ষ তৌহিদকে দেওয়া পাওয়ার অব অ্যাটর্নিটি মিথ্যা ও জালিয়াতির মাধ্যমে তৈরী করা হয়েছে অভিযোগ এনে এ বিষয়ে তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়েরের নির্দেশ চেয়ে মঙ্গলবার একটি আবেদন দায়ের করে। এতে জালিয়াতির অভিযোগে আরাফাত রহমান কোকো, তার আইনজীবী ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন ও পাওয়ার অব অ্যাটর্নি তাহেরুল ইসলাম তৌহিদের বিরুদ্ধে মামলা দায়েরের জন্য সুপ্রিম কোর্টের অফিসকে নির্দেশ দেওয়ার আবেদন জানানো হয়। এ আবেদনের শুনানিতে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, যে পাওয়ার অব অ্যাটর্নি দিয়ে রিট আবেদন দায়ের করা হয়েছে তা থাইল্যান্ডে বাংলাদেশ দূতাবাসের কোনো দায়িত্বশীল কর্মকর্তা সত্যায়িত করেননি। বাংলাদেশে যে সিনিয়র সহকারী সচিব এটি সত্যায়িত করেছেন তার সত্যায়িত করার কোনো ক্ষমতা নেই। এছাড়া পাওয়ার অব অ্যাটর্নিতে তৌহিদের মিথ্যা ঠিকানা দেখানো হয়েছে। তিনি বলেন, মাহবুবউদ্দিন খোকন আমমোক্তারনামায় আরাফাত রহমান কোকোর স্বাক্ষর সত্যায়িত করেছেন। তার এটি সত্যায়িত করার কোনো ক্ষমতা নেই। কারণ, কোকো এখন থাইল্যান্ডে রয়েছেন। আর খোকন ওই সময় থাইল্যান্ডে কোকোর সামনে ছিলেন না। খোকন জাল আমমোক্তারনামাটি তৈরীর জন্য এটি সত্যায়িত করেছেন, যাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই সিনিয়র সহকারী সচিব স্বাক্ষর করেন। আর খোকন বলপ্রয়োগ ও জোড় করে ওই সিনিয়র সহকারী সচিবের স্বাক্ষর আদায় করেছেন। শুনানিতে অ্যাটর্নি জেনারেল আরও বলেন, আমমোক্তারনামায় তৌহিদের স্বাক্ষর সত্যায়িত করেননি আরাফাত রহমান কোকো। এ অবস্থায় এটি পরিস্কার যে, আমমোক্তারনামাটি জাল ও বানানো দলিল। তাই এ বিষয়ে তদন্ত হওয়া উচিত ও বিষয়টি নিয়ে ফৌজদারি মামলা দায়ের করা প্রয়োজন। এই বক্তব্যের বিরোধিতা করে কোকোর পক্ষে শুনানিতে সিনিয়র অ্যাডভোকেট টি এইচ খান বলেন, মানিলন্ডারিং মামলার বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট আবেদনের শুনানি নিষ্পত্তি বিলম্বিত করতে সরকার পক্ষ এই আবেদন জানিয়েছে। রিট আবেদনের বিচার প্রক্রিয়া চলে সংবিধান অনুযায়ী। হাইকোর্ট তার এখতিয়ারের ক্ষেত্রে নিজেই যথেষ্ট। এখানে দেওয়ানী ও ফৌজদারি কার্যবিধি অচল। ভারত ও ইংল্যান্ডের অ্যাটর্নি জেনারেল এসব আবেদন করে না। কোকোর অপর কৌসুলি ব্যারিস্টার রফিক-উল-হক হাইকোর্ট রুলস আদালতে উপস্থাপন করে বলেন, অসুস্থ বা আহত ব্যক্তির পক্ষে যে কোনো ব্যক্তি আদালতে মামলা বা আবেদন করতে পারেন। এখানে এমনকি আমমোক্তারনামারও প্রয়োজন হয় না। তিনি এ বিষয়ে উচ্চ আদালতের নজির আদালতে উপস্থাপন করেন। অ্যাটর্নি জেনারেল বলেন, যে আমমোক্তারনামাটি আবেদনে উপস্থাপন করা হয়েছে সেটি চ্যালেঞ্জ করা হয়েছে। আমমোক্তারনামাটি জানুয়ারিতে করা হয়েছে। কিন্তু কোকোর বিরুদ্ধে মামলা হয়েছে গত ১৭ মার্চ। মামলা দায়েরের আগে সেটির বৈধতা চ্যালেঞ্জ করার জন্য কীভাবে অপর একজনকে রিট দায়েরের ক্ষমতা দেওয়া হল? কেন জাল আমমোক্তারনামা দিয়ে রিট আবেদন দায়ের করা হল? আদালত অ্যাটর্নি জেনারেলের কাছে জানতে চান তিনি রিট আবেদনের মূল বিষয়বস্তু নিয়ে কোনো বক্তব্য রাখবেন কি না। জবাবে মাহবুবে আলম বলেন, আগে জাল আমমোক্তারনামা দিয়ে রিট আবেদন দায়েরের বিষয়ে তদন্ত ও ফৌজদারি মামলা রুজুর আবেদনটি নিষ্পত্তি হওয়া প্রয়োজন। এরপর রিট আবেদনটির ওপর বক্তব্য রাখা যাবে। কোকোর অপর কৌসুলি ব্যারিস্টার মওদুদ আহমেদ বলেন, এই বক্তব্য দিয়ে অ্যাটর্নি জেনারেল ন্যয়বিচার পরিচালনায় আদালতের কার্যক্রমের ওপর হস্তক্ষেপ করছেন। তিনি রিটটির ওপর রুলনিশি জারির আবেদন জানান। গত ১৭ মার্চ দুর্নীতি দমন কমিশনের উপ পরিচালক আবু সাঈদ কাফরুল থানায় কোকোর বিরুদ্ধে এ মামলাটি দায়ের করেছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এইচএ/১৯৪৮ ঘ.