২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়নে রোডম্যাপ চান সন্তু লারমা

পার্বত্য শান্তি চুক্তির পূর্ণ বাস্তবায়নে রোডম্যাপ প্রণয়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা)। এক ব্রিগেড সৈন্য প্রত্যাহারের ঘোষণা এলেও পার্বত্য চট্টগ্রামে সেনা কর্তৃত্বের অবসান ঘটছে না বলে দাবি করেছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2009, 09:36 AM

Updated : 26 Aug 2022, 11:51 AM

ঢাকা, আগস্ট ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পার্বত্য শান্তি চুক্তির পূর্ণ বাস্তবায়নে রোডম্যাপ প্রণয়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা)। এক ব্রিগেড সৈন্য প্রত্যাহারের ঘোষণা এলেও পার্বত্য চট্টগ্রামে সেনা কর্তৃত্বের অবসান ঘটছে না বলে দাবি করেছেন তিনি। পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান সন্তু লারমা বুধবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে বলেন, "সেনা প্রত্যাহারের কথাটা যেভাবে বলা হচ্ছে, তা আদৌ সঠিক নয়। কিছু অস্থায়ী ক্যাম্প সরিয়ে নেওয়ার কথা বলা হয়েছে। এর মধ্য দিয়ে দেশবাসীকে বিভ্রান্ত করা হচ্ছে। পার্বত্য জেলাগুলোতে অপারেশন উত্তরণের নামে সেনা কর্তৃত্ব বলবৎ আছেই।" সরকার পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়নের অংশ হিসেবে গত ২৯ জুলাই ওই অঞ্চল থেকে তিনটি পদাতিক ব্যাটালিয়নসহ একটি সম্পূর্ণ ব্রিগেড প্রত্যাহার করার ঘোষণা দেয়। একই সময়ে সেখানে স্থাপিত নিরাপত্তা বাহিনীর ৩৫টি ক্যাম্পও প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়। আগামী সেপ্টেম্বরের মধ্যে এক ব্রিগেড সৈন্য প্রত্যাহার শেষ করার কথা। পার্বত্য চট্টগ্রামে পাঁচ ব্রিগেড সৈন্য রয়েছে বলে সন্তু লারমা জানান। এক সময়ের গেরিলা নেতা সন্তু লারমা বলেন, "গণমাধ্যমে এ বিষয়টি যেভাবে উপস্থাপিত হয়েছে তা বস্তুনিষ্ঠ নয়। পার্বত্য জেলাগুলো থেকে অস্থায়ী ক্যাম্প প্রত্যাহারের কথা বলা হয়েছে। পার্বত্য জেলাগুলো থেকে সম্পূর্ণ সেনা প্রত্যাহার হচ্ছে- এটা আদৌ সঠিক নয়।" তিনি বলেন, "অস্থায়ী ক্যাম্প প্রত্যাহার হলে তা আমাদের (পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ) জানাতে হবে। সেখানের জমি বা ভূমি মূল মালিকের কাছে হস্তান্তর করার কথা রয়েছে। এসব বিষয়ে আমরা কিছই জানি না।" পার্বত্য চট্টগ্রাম থেকে সেনা বাহিনী প্রত্যাহার করা হলে সেখানে অশান্ত অবস্থার সৃষ্টি হবে বলে প্রধান বিরোধী দল বিএনপি অভিযোগ করেছে। এ বিষয়ে জনসংহতি সমিতির নেতা সন্তু বলেন, "আমি বলব, অপারেশন উত্তরণের নামে সেনা কর্তৃত্বই পার্বত্য চট্টগ্রামে অশান্ত অবস্থার সৃষ্টি করছে। তাই পার্বত্য চুক্তির পূর্ণ বাস্তবায়ন হলে সে অবস্থার পরিবর্তন আসতে পারে। "এ জন্য রোডম্যাপ ঘোষণা করতে হবে।" সংবাদ সম্মেলনে পার্বত্য সংসদীয় আসনসহ আদিবাসী অধ্যুষিত অঞ্চলে সংসদ ও স্থানীয় সরকার পরিষদে আদিবাসীদের জন্য আসন সংরক্ষণ, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়কে প্রধানমন্ত্রী কার্যালয়ের বিশেষ বিভাগে ন্যস্ত করার দাবিও জানান সন্তু লারমা। আগামী ৯ আগস্ট আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে বাংলাদেশ আদিবাসী ফোরাম ওই সংবাদ সম্মেলনের আয়োজন করে। সন্তু লারমা আদিবাসী ফোরামেরও সভাপতি। সম্মেলনে আদিবাসী দিবস উপলক্ষে চারদিনের কর্মসূচিও ঘোষণা করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে- ৭ আগস্ট সকালে রাজধানীর শাহবাগ থেকে মানববন্ধন, ৮ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে উদ্বোধনী অনুষ্ঠান, ৯ আগস্ট ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে আলোচনা সভা ও ১০ আগস্ট ধানমন্ডির ডাব্লিওভিএ মিলনায়তনে একটি প্রকাশনা অনুষ্ঠান। লিখিত বক্তব্যে আদিবাসী ফোরামের ১৩ দফা দাবি তুলে ধরেন সন্তু লারমা। এসব দাবির মধ্যে আছে, বাংলাদেশে বসবাসরত ৪৫টি আদিবাসী জনগোষ্ঠীর জাতিসত্ত্বা, ভাষার সাংবিধানিক স্বীকৃতি; সমতল আদিবাসীদের জন্য ভূমি কমিশন গঠন, আদিবাসীদের মাতৃভাষা ও সংস্কৃতির অধিকার প্রদান, ৯ আগস্ট আন্তর্জাতিক আদিবাসী দিবসটিকে রাষ্ট্রীয়ভাবে পালন ইত্যাদি। মধুপুর আদিবাসী ভূমিতে ইকো পার্ক নির্মাণ বাতিল, আদিবাসীর বিরুদ্ধে বন বিভাগের দায়ের করা মামলা প্রত্যাহারও আদিবাসী ফোরামের দাবির মধ্যে রয়েছে। লিখিত বক্তব্যে পাবর্ত্য চট্টগ্রামসহ বিভিন্ন স্থানে আদিবাসীদের ওপর নির্যাতনের চিত্রও তুলে ধরেন সন্তু লারমা। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সঞ্জিব দ্রং, শক্তিপদ ত্রিপুরা, এন্ড্রু শর্মা, গোবিন্দ বর্মন ও জগদীশ বর্মন উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এফএফ/এমআই/১৫৪৫ ঘ.