ঢাকা, আগস্ট ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগের সমাবেশে ২০০৪ সালের ২১ আগস্টের গ্রেনেড হামলার ঘটনায় বিচারাধীন হত্যা ও বিস্ফোরকের মামলা দুটির 'অধিকতর' তদন্তের আদেশ দিয়েছে আদালত।
রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি শেষে সোমবার ঢাকার এক নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনাল আদালতের বিচারক মো. মাসদার হোসেন এ আদেশ দেন। (আরো তথ্যসহ)
নিরাপত্তার স্বার্থে এদিন ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে একটি বিশেষ এজলাস স্থাপন করা হয়।
আদালতের আদেশে আগামী দুই মাসের মধ্যে তদন্ত শেষ করে প্রতিবেদন জমা দিতে মহা পুলিশ পরিদর্শককে (আইজিপি) নির্দেশ দেওয়া হয়েছে।
এই দুই মামলায় ৬১ জনের সাক্ষ্য গ্রহণের পর গত ২৫ জুন রাষ্ট্রপক্ষ থেকে অধিকতর তদন্তের জন্য আদালতে আবেদন করা হয়।
তবে আসামি পক্ষের আইনজীবীরা বলেছেন, তারা এ আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে যাবেন।
বিচারক মাসদার হোসেন তার দেওয়া আদেশের পর্যবেক্ষণে বলেন, আওয়ামী লীগের সমাবেশে এ গ্রেনেড হামলা কোনো সাধারণ হামলা নয়। এ পর্যন্ত আদালতে উপস্থাপিত সাক্ষীদের প্রায় সবাই বলেছেন আওয়ামী লীগকে নেতৃত্বশূন্য করতে এ হামলাটি করা হয়েছিল। তাই ন্যায় বিচারের জন্য অধিকতর তদন্ত প্রয়োজন।
তিনি আরো বলেন, অধিকতর তদন্তের আবেদন আরো আগেই হওয়া উচিত ছিল। কিন্তু প্রতিকূল রাজনৈতিক পরিবেশের কারণে রাষ্ট্রপক্ষ দেরিতে আবেদন করেছে।
বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার ঘটনায় মতিঝিল থানার উপ পরিদর্শক শরীফ ফারুক আহমেদ বাদি হয়ে প্রথমে একটি হত্যা মামলা করেন।
দীর্ঘ তদন্ত শেষে গত বছরের ১১ জুন সিআইডি'র সিনিয়র সহকারী পুলিশ সুপার ফজলুল কবির এ মামলায় ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হত্যা ও বিস্ফোরণের দুটি পৃথক অভিযোগে ২২ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন।
অভিযুক্তদের মধ্যে সাবেক বিএনপি-জামায়াত জোট সরকারের উপমন্ত্রী আবদুস সালাম পিন্টু, হরকাতুল জিহাদ নেতা মুফতি আব্দুল হান্নানসহ ১৪ জন কারাগারে এবং ৮ জন পলাতক রয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এএল/এসকে/২২৩৩ঘ.
bdnews24