২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'নতুনের মেধা কাজে লাগিয়ে জাতির জনকের স্বপ্ন বাস্তবায়ন করতে চাই'

প্রবীণের অভিজ্ঞতা ও নতুনের মেধাকে কাজে লাগিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের 'সোনার বাংলা' গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১৫ আগস্ট উপলক্ষে শনিবার ধানমন্ডিস্থ বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে আওয়ামী লীগের সহযোগী সংগঠন কৃষকলীগ আয়োজিত আলোচনা সভা ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির ঊদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ অঙ্গীকারের কথা জানান। (বিস্তারিত)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2009, 02:09 PM

Updated : 26 Aug 2022, 11:49 AM

ঢাকা, আগস্ট ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রবীণের অভিজ্ঞতা ও নতুনের মেধাকে কাজে লাগিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের 'সোনার বাংলা' গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১৫ আগস্ট উপলক্ষে শনিবার ধানমন্ডিস্থ বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে আওয়ামী লীগের সহযোগী সংগঠন কৃষকলীগ আয়োজিত আলোচনা সভা ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির ঊদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ অঙ্গীকারের কথা জানান। মূলত এর মাধ্যমে ১৫ আগস্ট উপলক্ষে আওয়ামী লীগের মাসব্যাপী শোকের কর্মসূচির সূচনা হয়। নির্বাচনী ইশতেহার অনুযায়ী 'দিন বদলের সনদ' বাস্তবায়নের সূচনা হয়েছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, "মন্ত্রিসভা এবং সংগঠনে নবীন ও প্রবীণদের সমন্বয় ঘটানো হয়েছে। প্রবীণের অতীতের অভিজ্ঞতা ও নতুনের মেধাকে কাজে লাগিয়ে জাতির জনকের স্বপ্ন বাস্তবায়ন করতে চাই।" তিনি দিন বদলের সনদ বাস্তবায়নে দলের নেতা-কর্মীদের আত্মত্যাগের মনোভাব নিয়ে কাজ করার আহ্বান জানান। শেখ হাসিনা বিগত তত্ত্ববধায়ক সরকারের আমলে কিছু নেতার ভূমিকার প্রতি ইঙ্গিত করে বলেন, "কিছু লোক সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলেছে। তাদের কারণে দল ক্ষতিগ্রস্ত হয়েছে।" তিনি অতীতের বিভিন্ন ষড়যন্ত্রের কথা উল্লেখ করে বলেন, "ষড়যন্ত্র এখনো অব্যাহত আছে। যে নেতৃত্ব ষড়যন্ত্রের কাছে মাথা নত না করে নীতি-আদর্শ নিয়ে এগিয়ে যায়, তারাই ষড়যন্ত্র মোকাবেলা করতে পারে। অবশ্য তাদের ওপর বারবার নির্যাতন নেমে আসে।" প্রধানমন্ত্রী দেশে কৃষিভিত্তিক শিল্প-কারখানা গড়ে তোলার ওপর গুরুত্ব আরোপ করে বলেন, দেশের জিডিপতে সবচেয়ে বেশি অবদানকারী কৃষিখাতে আধুনিক প্রযুক্তি ব্যবহার করতে হবে। আওয়ামী লীগ সভানেত্রী বলেন, "বঙ্গবন্ধুই একমাত্র নেতা যিনি দুঃখী মানুষের মুখে হাসি ফুটাতে জীবন দিয়ে গেছেন। আমিও বাংলার মানুষের মুখে হাসি ফুটাতে যেকোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত। প্রয়োজনে বাবার মতো জীবন দিয়ে হলেও মানুষের অধিকার বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ।" শেখ হাসিনা আবেগতাড়িত কণ্ঠে ১৫ আগস্টের স্মৃতিচারণ করেন। কৃষক লীগের সভাপতি মির্জা আবদুল জলিল এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট সেনাবাহিনীর কিছু কর্মকর্তা ও সদস্য ধানমণ্ডির বাড়িতে হামলা চালিয়ে স্বাধীন বাংলাদেশের স্থপতি, রাষ্ট্রনায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করে। এ নির্মম হত্যাকাণ্ড থেকে তার অন্তঃস্বত্তা পুত্রবধু ও শিশুপুত্র শেখ রাসেলও রেহাই পায়নি। সেদিন বঙ্গবন্ধুর দুই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানা বিদেশে থাকায় তারা প্রাণে বেঁেচ যান। এরপর থেকেই আওয়ামী লীগ দিনটি পালন করে আসছে। এ উপলক্ষ্যে শনিবার প্রথম প্রহরে (শুক্রবার রাত ১২টা ১মিনিটে) আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ধানমন্ডির বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মোমবাতি জ্বালিয়ে আগস্ট মাসের কর্মসূচির সূচনা করে। এসময় আওয়ামী লীগের নতুন কমিটির সাংগঠনিক সম্পাদক ও স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফম বাহাউদ্দিন নাছিম, সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথ উপস্থিত ছিলেন। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট শনিবার ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে। এদিকে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও ২১ আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা দিবসকে সফল করার জন্য শনিবার আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের এক যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। রাতে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় এ সভা। এতে আওয়ামী লীগের নতুন কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, বিএম মোজাম্মেল হক, আফম বাহাউদ্দিন নাছিম, আবু সাঈদ আল মাহমুদ স্বপনসহ সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/এইচএ/২১৪০ ঘ.