ঢাকা, জুলাই ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জনপ্রশাসনে 'সদাচরণ এবং শৃংঙ্খলা বজায় রাখতে' সরকার জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি এবং মহাসচিবকে 'অবসর' দিয়েছে।
এরা হলেন ঢাকার জেলা ও দায়রা জজ মো. আবদুল গফুর এবং গাজীপুর জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. শাহজাহান।
বৃহস্পতিবার আইন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মো. মিজানুর রহমানের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আইন মন্ত্রণালয়কে বিভক্ত করার প্রস্তাবিত প্রক্রিয়ায় জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনকে যুক্ত না করার প্রতিবাদে গত ২৭ জুলাই সচিবালয়ে বিক্ষোভে নেতৃত্ব দেওয়ার পর তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হলো।
আইন মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, 'জনপ্রশাসনে সদাচরণ এবং শৃংঙ্খলা বজায় রাখার স্বার্থে সরকারী কর্মচারী (অবসর) আইন, ১৯৭৪-এর সেকশন ৯ (২) এর বিধানবলে সরকার বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের সদস্য ঢাকার জেলা ও দায়রা জজ মো. আবদুল গফুর এবং গাজীপুর জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রইব্যুনালের বিচারক মো. শাহজাহানকে চাকুরী হইতে অবসর প্রদান করছে।'
গত ২৭ জুলাই আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়কে বিভক্ত করে 'লেজিসলেটিভ অ্যান্ড পার্লামেন্টারী অ্যাফেয়ার্স' এবং 'ল অ্যান্ড জাস্টিস অ্যাফেয়ার্স' করার প্রস্তাবিত খসড়ায় চূড়ান্ত করার প্রক্রিয়ায় অ্যাসোসিয়েশনকে সম্পৃক্ত না করায় সংগঠনটির প্রায় দেড় শতাধিক সদস্য আইনমন্ত্রীর সঙ্গে দেখা করে বিক্ষোভ প্রকাশ করেন। একই সঙ্গে তারা আইন সচিব কাজী হাবিবুল আউয়ালের পদত্যাগও দাবি করেন।
ওই ঘটনার পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে উপ-সচিব (নিরাপত্তা) নিজামউদ্দিন খান আর্মড পুলিশ নিয়ে সেখানে উপস্থিত হন। ওই সময় অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ বিক্ষোভ প্রকাশ করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এসকে/১৯৫৫ঘ.
bdnews24