ঢাকা, জুলাই ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী রাজনীতিতে দীর্ঘদিন ধরে প্রভাবশালী বেশ কয়েকজন নেতার এবার স্থান হয়নি কেন্দ্রীয় সভাপতিমণ্ডলীতে। তাদের রাখা হয়েছে দলীয় কার্যক্রমে অনেকটাই ক্ষমতাহীন উপদেষ্টা পরিষদে। এবার মন্ত্রিসভায়ও স্থান হয়নি তাদের।
এসব নেতার মধ্যে উল্লেখযোগ্য হলেন- আমির হোসেন আমু, আবদুর রাজ্জাক, তোফায়েল আহমেদ, সুরঞ্জিত সেনগুপ্ত ও আব্দুল জলিল।
কাউন্সিলের পাঁচ দিন পর বৃহস্পতিবার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছে আওয়ামী লীগ। বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর বাসভবন যমুনায় সৈয়দ আশরাফুল ইসলাম সাংবাদিকদের মাধ্যমে নতুন কমিটি প্রকাশ করেন।
২০ সদস্যের উপদেষ্টা পরিষদের সদস্যরা হলেন- ডা. এস এ মালেক, আবুল মাল আবদুল মুহিত, এইচটি ইমাম, আমির হোসেন আমু, আবদুর রাজ্জাক, তোফায়েল আহমেদ, সুরঞ্জিত সেনগুপ্ত, আব্দুল জলিল, কে এম সফিউল্লাহ, দেওয়ান ফরিদ গাজী, রহমত আলী, অধ্যাপক আব্দুল খালেক, অধ্যাপক এ কে আজাদ চৌধুরী, অধ্যাপক আলাউদ্দিন আহমেদ, এম এ মান্নান, অধ্যাপক আবদুল মান্নান, কাজী আকরাম উদ্দিন, এসএম নুরুন্নবী, রেজাউর রহমান ও ড. মশিউর রহমান।
গত ২৪ জুলাই আওয়ামী লীগের কাউন্সিলে শেখ হাসিনাকে সভানেত্রী ও সৈয়দ আশরাফুল ইসলামকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য কাউন্সিল সভানেত্রীকে দায়িত্ব দেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/এসএম/আরএ/এমআই/১৯১০ ঘ.
bdnews24