পাবনা, জুলাই ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পাবনার আতাইকুল উপজেলার পূর্ব বনগ্রামে বৃহস্পতিবার দুপুরে প্রতিপক্ষের গুলি ও বোমা হামলায় কথিত চরমপন্থী দলের আঞ্চলিক নেতাসহ দুজন নিহত হয়েছেন।
তবে স্থানীয় বিএনপি নিহত দুই ব্যক্তিকে তাদের কর্মী বলে দাবি করেছে।
নিহতরা হলেন- পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির (এম-এল) লাল পতাকা গ্র"পের পাবনা অঞ্চলের নেতা আব্দুস সাত্তার (৩২) এবং তার চাচা ও একই সংগঠনের সদস্য আব্দুর রাজ্জাক (৫০)। তাদের বাড়ি উপজেলার কাকিলাখালী গ্রামে।
পাবনার পুলিশ সুপারিনটেনডেন্ট (এসপি) নিবাস চন্দ্র মাঝি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুর সোয়া ২টার দিকে সাত্তার ও রাজ্জাক পুষ্পপাড়া হাটের দিকে যাচ্ছিলেন। পূর্ব বনগ্রাম পৌঁছার পর একই দলের আরেকটি গ্র"প জনযুদ্ধের ক্যাডাররা তাদের লক্ষ্য করে ৫/৬ রাউন্ড গুলি করে। পরে কযেকটি বোমা ছুড়ে পালিযে যায়।
তিনি জানান, সাত্তার ঘটনাস্থলেই মারা গেছেন। রাজ্জাককে আহত অবস্থায় পাবনা জেনারেল হাসপাতালে নেওয়ার পর মারা যান।
এসপি জানান, দুটি লাশ ময়না তদন্তের জন্য জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আতাইকুলা থানা একটি মামলা হয়েছে। তবে এখন পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি।
এদিকে, আতাইকুলা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মালেক দাবি করেন, সাত্তার ও রাজ্জাক দুজনই বিএনপির কর্মী ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯৩৪ ঘ.
bdnews24