ঢাকা, জুলাই ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় সংসদের আগামী অধিবেশনেই উপস্থাপন করা হচ্ছে বহুল প্রতীক্ষিত জেলা পরিষদ আইনের সংশোধনী।
এছাড়াও উপজেলা পরিষদ আইনে চিহ্নিত ২০টি 'অসঙ্গতি' দূর করতে আইন সংশোধনের একটি খসড়াও ইতোমধ্যেই চূড়ান্ত করা হয়েছে। দ্রুত এ খসড়াটি অনুমোদনের জন্য মন্ত্রিসভার বৈঠকে তোলা হবে।
স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বুধবার সচিবালয়ে সাংবাদিকদের একথা বলেন।
এর আগে সৈয়দ আশরাফ মন্ত্রিপরিষদ বিভাগে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের দ্বিতীয় দিনে ডিসিদের সঙ্গে বৈঠক করেন। সেখানে তিনি বিভিন্ন বিষয়ে ডিসিদের প্রয়োজনীয় দিক-নির্দেশনা দেন।
মন্ত্রিপরিষদ সচিব আবদুল আজিজের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই অধিবেশনে স্থানীয় সরকার বিভাগের ভারপ্রাপ্ত সচিব সৈয়দ মঞ্জুর হোসেনসহ বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকরা যোগ দেন।
আশরাফ সাংবাদিকদের বলেন, "উপজেলা পরিষদ আইনটি দীর্ঘ ১৫/১৬ বছর অকার্যকর থাকার পর সংশোধন করে কার্যকর করা হয়েছে। তাই এ আইনের অসঙ্গতিগুলো দূর করতে একটু সময় লাগবে। ইতোমধ্যে এতে ২০টি অসঙ্গতি ও সমস্যা চিহ্নিত করা হয়েছে। দ্রুত এগুলো দূর করার জন্য আইনের সংশোধনী আনা হবে।"
উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের ক্ষমতা প্রসঙ্গে মন্ত্রী বলেন, "আমরা একটি পরিপত্র জারি করে উপজেলা পরিষদগুলোকে ইতোমধ্যেই কার্যকর করেছি। কিন্তু এর বিধিমালাটি এখনো চূড়ান্ত করা সম্ভব হয়নি। হলেই তা পরিপত্র আকারে জারি করা হবে। তাতে সকলের কর্মক্ষমতা নির্ধারণ করা থাকবে। ফলে সমস্যাগুলো দূর হয়ে যাবে।"
উপজেলা নির্বাহী কর্মকর্তাদের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিয়োগের পরামর্শ প্রসঙ্গে তিনি বলেন, এ বিষয়টি আমাদের সংসদে তোলা এবং স্থায়ী কমিটিতে পাঠানো বিলে ছিল। কিন্তু একজন সাংসদের আপত্তির কারণে তা গ্রহণ করা সম্ভব হয়নি। আশা করছি, সংশোধিত আকারে বিলটি পাস করা হলে সব জটিলতাই দূর হবে। ফলে প্রতিষ্ঠানটিও কার্যকর হবে।"
উপজেলা পরিষদে সাংসদদের কর্তৃত্ব নিয়ে চেয়ারম্যানদের মধ্যে ক্ষোভ রয়েছে। এছাড়া ভাইস চেয়ারম্যানরা বলছেন, তারা তাদের দায়িত্ব সম্পর্কে নিশ্চিত নন।
গ্রাম পর্যায়ে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত গ্রাম পুলিশের বেতন বাড়ানোর প্রস্তাব প্রসঙ্গে মন্ত্রী জানান, বর্তমান সরকার মানবিক কারণে গ্রাম পুলিশের বেতন দ্বিগুণ করার সিদ্ধান্ত নিয়েছে। এ লক্ষ্যে একটি প্রস্তাব এখন অর্থ মন্ত্রণালয়ের বিবেচনাধীন।
মন্ত্রী বলেন, "অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন পেলেই সরকার এটি কার্যকর করবে। কারণ বর্তমানে গ্রাম পুলিশরা মাত্র ৭০০ থেকে এক হাজার টাকা পর্যন্ত বেতন পায়।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসকে/১৯২৬ঘ.
bdnews24