ঢাকা, জুলাই ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশকে 'অকার্যকর' ও ' তাবেদার' রাষ্ট্র বানানোর নানামুখী ষড়যন্ত্র চলছে অভিযোগ করে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া দেশের মানুষকে এ ব্যাপারে সর্তক থাকার আহবান জানিয়েছেন।
বৃহস্পতিবার রাতে গুলশানের কার্যালয়ে জাতীয়তাবাদী কৃষক দলের নেতাদের উদ্দেশে তিনি এ আহবান জানান।
সেইসঙ্গে দেশের মানুষের নানা সমস্যা সমাধানে সরকারকে সহযোগিতা করার আগ্রহের কথাও ব্যক্ত করেন খালেদা।
তিনি বলেন, ''দেশের বিরুদ্ধে নানামুখী ষড়যন্ত্র চলছে। বাংলাদেশকে তাবেদার রাষ্ট্র বানিয়ে পঙ্গু ও পরনির্ভরশীল করতে এই ষড়যন্ত্র করা হচ্ছে। এর বিরুদ্ধে আমাদের সবাইকে সজাগ থাকতে হবে।''
এ প্রসঙ্গে ফারাক্কা বাঁধের বিরূপ প্রতিক্রিয়ার কথা উল্লেখ করে বিরোধী দলীয় নেতা বলেন, ভারতের প্রস্তাবিত টিপাইমুখ বাঁধও বাংলাদেশের জন্য 'মহাবিপর্যয়' ডেকে আনবে।
টিপাইমুখ বাঁধ ইস্যুতে মহাজোট সরকারের অবস্থানের কঠোর সমালোচনা করে তিনি এ বাঁধ নির্মাণ বন্ধ করতে আবারো ভারতের প্রতি আহ্বান জানান।
খালেদা বলেন, ''দেশের স্বার্থবিরোধী কোনো কর্মকান্ড বিএনপি মেনে নেবে না। আওয়ামী লীগ চায় দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে প্রধানমন্ত্রী না হলেও মুখ্যমন্ত্রী হয়ে থাকতে।"
রাত সাড়ে ৮ টায় জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি সাবেক প্রতিমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলের নেতারা খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন। এর আগে কৃষক দল সকালে নয়া পল্টনে বিএনপি মহানগর কার্যালয়ের ভাসানী মিলনায়তনে বর্ধিত সভা করে। সভা শেষে নেতৃবৃন্দ তাদের নেত্রীর সঙ্গে দেখা করতে যান।
দেশি-বিদেশী নীল-নকশা অনুযায়ী দেশকে একটি 'তাবেদার' রাষ্ট্র বানাতে ১/১১ এ ফখরুদ্দীন আহমদের তত্ত্বাবধায়ক সরকারকে ক্ষমতায় বসানো হয়েছিল অভিযোগ করে বিএনপি চেয়ারপার্সন বলেন,''ওই জরুরি সরকারের পথ ধরে তা বাস্তবায়ন করতেই আওয়ামী লীগকে ষড়যন্ত্র করে ক্ষমতায় বসানো হয়েছে। এ সরকার বিদেশীদের কাছে মাথা নত করে ক্ষমতায় বসেছে।''
তিনি কৃষকদের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য প্রাপ্তি নিশ্চিত, তাদের বিনা মূল্যে সার প্রদান, কৃষি উপকরণের মূল্য কমানোসহ নির্বাচনের আগে জনগণকে দেওয়া প্রতিশ্র"তি বাস্তবায়ন করতে সরকারের প্রতি দাবি জানান।
খালেদা বলেন, ''নির্বাচনের আগে যেসব প্রতিশ্র"তি দিয়েছেন, তা রক্ষা করুন। এখনো তারা একটি অঙ্গীকারও বাস্তবায়ন করেনি।''
প্রশাসনে দলীয়করণের সমালোচনা করেন সাবেক এই প্রধানমন্ত্রী।
তিনি দলীয় লোকজনকে চাকরি দেওয়ার সরকারের পরিকল্পনার সমালোচনা করে বলেন, ''দেশে কোনো কর্মসংস্থান নেই। অথচ নিজের দলের লোকজনকে চাকরি দেওয়ার ব্যবস্থা করছে সরকার। এটা কি জনগণের সরকার না দলীয় সরকার? এখন এটাই প্রশ্ন।''
তিনি বিডিআর পুনর্গঠন করে সীমান্তে চোরাচালান রোধ করতে সরকারকে দ্রুত ব্যবস্থা নিতেও বলেন।
খালেদা জিয়া সহযোগী সংগঠন কৃষক দলকে শক্তিশালী করার আহবান জানিয়ে বলেন,''তৃণমূল পর্যায় থেকে সংগঠনকে শক্তিশালী করতে হবে।''
এ সময় দলের মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন, কেন্দ্রীয় নেতা মাহবুবুল আলম তারা, কৃষক দলের সাধারণ সম্পাদক শামসুজ্জামান দুদু , সহসভাপতি এম এ তাহের, তোফাজ্জ্বল হোসেন, তকদীর হোসেন মো. জসিম, জিয়াউল হায়দার পলাশ, আজিজুর রহমান বাচ্চু, সাইফুল ইসলাম শিশির প্রমুখ বক্তব্য রাখেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/২৩২০ ঘ.
bdnews24