সাতক্ষীরা, জুলাই ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সাতক্ষীরা সরকারি কলেজে সোমবার দুপুরে ছাত্রলীগ ও ছাত্রশিবির কর্মীদের সংঘর্ষে এক পুলিশ কনস্টেবলসহ অন্তত ১২ জন আহত হয়েছে।
আহতদের শহরের বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের নাম জানা যায়নি।
পুলিশ শিবিরের ১০কর্মীকে আটক করেছে। এরা হলেন- জাহাঙ্গীর আলম (১৯), মঞ্জুরুল আনাম (২০), সুরুজ (২০), রোকুনুজ্জামান (২৩), রাসেল ইকবাল (২৫), সহিদুর রহমান (২৫), আব্দুল ওহাব (২২), আব্দুল বারি (৩০), বজলুর রহমান (২৫) ও ওমর ফারুক (৩০)।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম কামরুজ্জামান বলেন, দুপুর ১২টার দিকে ছাত্রশিবির কর্মীরা ক্যাম্পাসে মিছিল ও সমাবেশ করে। এ সময় ছাত্রলীগের একটি মিছিল সেখানে পৌঁছালে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দু'পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ ও মারপিটের ঘটনা ঘটে।
এ সময় পুলিশ কনস্টেবল গিয়াস উদ্দিন আহত হন।
আটক ১০ শিবির কর্মীর বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। ক্যাম্পাসে পুলিশ মোতায়েন রয়েছে।"
জেলা ছাত্রলীগ সভাপতি কাজী আক্তার হোসেন জানান, শিবির কর্মীরা সোমবার দুপুরে মিছিল করে কলেজ হোস্টেল দখল করতে যায়। এ সময় ছাত্রলীগ কর্মীরা বাধা দিলে শিবির কর্মীদের ইটপাটকেল নিক্ষেপ ও মারপিটে ছাত্রলীগের পাঁচজন নেতা-কর্মী আহত হয়।
জেলা ছাত্র শিবির সভাপতি হাফেজ আশিকুর রহমান জানান, দুপুরে ছাত্রশিবির কর্মীরা মিছিল শেষে শ্রেণীকক্ষে ফেরার সময় ছাত্রলীগের একটি মিছিল থেকে হামলা চালালে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/ডিডি/এমএসবি/২০২৮ ঘ.
bdnews24