২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে যুবলীগ কর্মী সোহাগকে কুপিয়ে হত্যা

যশোর শহরের ঝুমঝুমপুর এলাকায় শনিবার গভীর রাতে যুবলীগ কর্মী মোস্তাক হোসেন সোহাগকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2009, 03:28 PM

Updated : 26 Aug 2022, 11:48 AM

যশোর, জুলাই ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - যশোর শহরের ঝুমঝুমপুর এলাকায় শনিবার গভীর রাতে যুবলীগ কর্মী মোস্তাক হোসেন সোহাগকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোহাগ শহরের নীলগঞ্জ সাহাপাড়ার কাওসার আলীর ছেলে। হত্যাকাণ্ডের প্রতিবাদে রোববার ছাত্রলীগ ও যুবলীগ কর্মীরা শহরে বিক্ষোভ মিছিল করে। এ সময় বিক্ষুব্ধরা ঝুমঝুমপুর এলাকায় কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর চালায়। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ ছয়জনকে আটক করেছে। এরা হলেন- ঝুমঝুমপুর এলাকার সাজেদুর, চান মিয়া, সিটি কলেজ পাড়ার রকি, বকচর হুশতলার মাসুদ, অনীক এবং নড়াইল শহরের মহিলা কলেজ এলাকার সুমি। কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের বেগ জানান, রাত দেড়টার দিকে ঝুমঝুমপুর রাইফেলস স্কুলের পিছনে সন্ত্রাসীরা যুবলীগ কর্মী সোহাগকে কুপিয়ে আহত করে। পুলিশ তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে পাঠায়। এর কিছুক্ষণ পর তার মৃত্যু হয়। এ ঘটনায় কোতোয়ালি থানায় একটি মামলা হয়েছে বলেও পুলিশ কর্মকর্তা জানান। যশোর জেনারেল হাসপাতালের চিকিৎসক ডা. হাসান মাহমুদ হাদি বলেন, পুলিশ সোহাগকে হাসপাতালে নিয়ে আসে। রাত ১টা ৪৫মিনিটে তার মৃত্যু হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১৩৬ ঘ.