২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাবার ঘনিষ্ঠ সহচরের পুত্রই হলেন হাসিনার রাজনৈতিক সহচর

আওয়ামী লীগের কাউন্সিলে শেখ হাসিনার আবারও সভানেত্রী হওয়ার বিষয়টি অনেকটা নিশ্চিত থাকলেও সাধারণ সম্পাদক কে হচ্ছেন সেদিকেই ছিল সবার দৃষ্টি। শেষ পর্যন্ত সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সৈয়দ আশরাফুল ইসলাম।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2009, 04:16 PM

Updated : 26 Aug 2022, 11:47 AM

শুক্রবার রাজধানীতে অনুষ্ঠিত আওয়ামী লীগের জাতীয় কাউন্সিল দলের শীর্ষ দুই পদে তাদের নির্বাচিত করে।

মুক্তিযুদ্ধকালীন মুজিবনগর সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি, জেল হত্যাকান্ডের শিকার জাতীয় চার নেতার অন্যতম সৈয়দ নজরুল ইসলামের পুত্র সৈয়দ আশরাফ ১৯৫২ সালে মমমনসিংহ শহরে জন্মগ্রহন করেন।

পারিবারিক ঐতিহ্যের সূত্র ধরে ছাত্রজীবন থেকেই রাজনীতিতে সক্রিয় রয়েছেন তিনি। স্বাধীনতার পর বৃহত্তর ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় ছাত্রলীগের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। ১৯৭৫ সালের ৩ নভেম্বর কারাগারে পিতা সৈয়দ নজরুল ইসলামসহ চার নেতাকে নির্মমভাবে হত্যার পর তিনি যুক্তরাজ্যে চলে যান। প্রবাস জীবনে তিনি যুক্তরাজ্য আওয়ামী লীগকে সংগঠিত করার ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

দীর্ঘ প্রবাস জীবনের পর ১৯৯৬ সালে দেশে ফিরে আসেন এবং গ্রামের বাড়ি কিশোরগঞ্জ সদর আসনে আওয়ামী লীগ থেকে প্রতিদ্বন্দ্বিতা করে প্রথম বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। নির্বাচনে আওয়ামী লীগ সরকার গঠন করলে তিনি বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী হন।

এরপর তিনি ২০০১ সালেও সংসদ সদস্য নির্বাচিত হন। এবারও সংসদ নির্বাচনে জয়ী হয়ে স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর দায়িত্ব পালন করছেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার আগে সৈয়দ আশরাফ দলের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও দলের মুখপাত্রের দায়িত্ব পালন করেন।

বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় দলীয় সভানেত্রী শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক আব্দুল জলিল কারাগারে থাকা সময় এবং নিজ দলের কিছু নেতার বিতর্কিত ভূমিকায় আওয়ামী লীগ যখন দুঃসময় অতিক্রম করছিল তখন তিনি আরেক প্রবীণ নেতা বর্তমানে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের সঙ্গে মিলে আওয়ামী লীগের হাল ধরেন।

শেষমেষ বঙ্গবন্ধুর ঘনিষ্ঠসহচর সৈয়দ নজরুলের পুত্র সৈয়দ আশরাফই হলেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার রাজনৈতিক সহচর।