মোশতাক আহমেদ
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, জুলাই ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- 'সংগ্রাম ও সাফল্যের ৬০ বছর' স্লোগান আর ডিজিটাল বাংলাদেশ গড়ার ঘোষণা দিয়ে শুক্রবার হচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগের জাতীয় কাউন্সিল।
সকাল সোয়া ১০টায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র) কাউন্সিলের উদ্বোধনী অনুষ্ঠানে পৌঁছেছেন দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সারাদেশ থেকে প্রতিনিধি-পর্যবেক্ষকরা ছাড়াও বিপুল সংখ্যক নেতা-কর্মীর উপস্থিতিতে কাউন্সিলের উদ্বোধন ঘোষণা করবেন তিনি।
জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে শুরু হবে শুক্রবার দিনব্যাপী এ কাউন্সিল।
অর্ধ শতাব্দি প্রাচীন দলটির কাউন্সিলের উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও রয়েছেন।
সম্মেলন কেন্দ্রের মূল ভবনের সামনে মঞ্চ করা হয়েছে। সেখানে বসেছেন কেন্দ্রীয় নেতারা। মঞ্চের সামনে তৈরি করা প্যান্ডেলে আসন নিয়েছেন অতিথি এবং দল ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
সভা মঞ্চে শেখ হাসিনা যেখানে বসছেন তা বুলেট প্র"ফ কাচে ঘেরা। একই ধরনের নিরাপত্তা তার বক্তৃতার ডায়াসেও। উদ্বোধনী অনুষ্ঠান পরিচালনা করছেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক আসাদুজ্জামান নূর।
মঞ্চের পেছনে ব্যানারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছাড়া মওলানা আব্দুল হামিদ খান ভাসানী, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, তাজউদ্দিন আহমেদসহ প্রয়াত নেতাদের ছবি রয়েছে। সকাল থেকেই মাইকে শোনানো হচ্ছে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ।
কেন্দ্রীয় নেতা ফজলুল হক মিলন, সাবেক সাংসদ শিরীন সুলতানা ও শিমুল বিশ্বাস সমন্বয়ে বিএনপির একটি প্রতিনিধি দল উদ্বোধনী অধিবেশনে যোগ দিয়েছে। বিভিন্ন বিদেশি মিশনের কূটনীতিকরাও যোগ দিয়েছেন আওয়ামী লীগের কাউন্সিলের উদ্বোধনী অনুষ্ঠানে।
গণপ্রতিনিধিত্ব আইন মেনে নির্ধারিত সময় ২৫ জুলাইয়ের মধ্যে কাউন্সিল করে গঠনতন্ত্র জমা দেওয়ার লক্ষ্যে দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দলটি স্বল্প সময়ের নোটিশে এ কাউন্সিল করছে।
এটি আওয়ামী লীগের ২০তম কাউন্সিল। এর আগের কাউন্সিল হয়েছিল ২০০২ সালে।
গঠনতন্ত্র অনুমোদনের বাইরেও কাউন্সিলের মধ্য দিয়ে আওয়ামী লীগের নতুন নেতৃত্ব নির্বাচিত হবে।
সভাপতি পদে আবারও শেখ হাসিনার থাকার বিষয়টি কার্যত নিশ্চিত হলেও সাধারণ সম্পাদকের পদটি নিয়ে নানা জল্পনা-কল্পনা চলছে রাজনৈতিক অঙ্গনে।
দলীয় কাউন্সিলের তিন দিন আগে উপেক্ষার 'ক্ষোভ থেকে' পদত্যাগ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল। ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামকে।
সাধারণ সম্পাদক ছাড়াও অন্য কিছু পদে পরিবর্তন আসবে বলে ইঙ্গিত দিয়েছেন আওয়ামী লীগের নেতারা।
দলের দপ্তর সম্পাদক আব্দুল মান্নান খান জানান, এবার কাউন্সিলরের সংখ্যা ৫ হাজার ২৫৩ জন। নিয়ম অনুযায়ী কাউন্সিলররাই নির্বাচন করবেন দলের পরবর্তী নেতৃত্ব।
কাউন্সিলের সফলতা কামনা করে ঢাকার বিভিন্ন প্রবেশ পথসহ গুরুত্বপূর্ণ স্থানগুলোতে তোরণ নির্মাণ করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানের পর বিকাল ৩টায় হবে কাউন্সিল অধিবেশন। এরপর থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান।
সম্মেলনকে সামনে রেখে বৃহস্পতিবার সন্ধ্যায় আওয়ামী লীগের বিদায়ী কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সর্বশেষ সভা অনুষ্ঠিত হয়।
ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আশরাফুল সভার পর সাংবাদিকদের বলেন, "আওয়ামী লীগের কাউন্সিলকে ঘিরে ঢাকায় গণতন্ত্রের মহোৎসব হবে। ডিজিটাল বাংলাদেশ গড়ার, দিনবদলের উৎসব হবে।"
কাউন্সিলকে ঘিরে চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্র ও আশপাশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
১৯৪৯ সালের ২৩ জুন ঢাকায় জন্ম নেয় আজকের আওয়ামী লীগ। বাঙালির স্বাধিকার থেকে স্বাধীনতার পথে নেতৃত্ব দিয়েছে এ দল।
স্বাধীনতার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দেশের প্রথম সরকার ছিল আওয়ামী লীগের। ১৯৭৫ সালের রক্তাক্ত পটপরিবর্তনের দীর্ঘ দিন পর ১৯৯৬ সালে শেখ হাসিনার নেতৃত্বে ক্ষমতায় ফেরে দলটি। ২০০৮ সালের নির্বাচনে জিতে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট ক্ষমতায় এলে হাসিনা দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রী হন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/এমআই/১০২০ ঘ.
bdnews24