২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আ'লীগের কাউন্সিলে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা

আওয়ামী লীগের জাতীয় কাউন্সিলে নিরাপত্তা নিশ্চিতে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) শতাধিক সদস্য নিয়োজিত থাকবে। পাশাপাশি থাকবে ডগ স্কোয়াডও। শুক্রবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র) এই কাউন্সিল অনুষ্ঠিত হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2009, 03:48 PM

Updated : 26 Aug 2022, 11:47 AM

ঢাকা, জুলাই ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগের জাতীয় কাউন্সিলে নিরাপত্তা নিশ্চিতে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) শতাধিক সদস্য নিয়োজিত থাকবে। পাশাপাশি থাকবে ডগ স্কোয়াডও। শুক্রবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র) এই কাউন্সিল অনুষ্ঠিত হবে। নিরাপত্তা রক্ষায় আরও থাকবে ঢাকা মহানগর পুলিশ, পুলিশের বিশেষ শাখা (এসবি), জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও পুলিশের প্ররক্ষা (প্রটেকশন) বিভাগের সদস্যরা। ঢাকা মহানগর পুলিশেরই প্রায় ৭শ' সদস্য মোতায়েন থাকবে। বৃহস্পতিবার ঘটনাস্থলে নিয়োজিত র‌্যাব কর্মকর্তা লেফটেনেন্ট মির্জা রোকাইয়া নূর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মূল কাউন্সিলস্থলসহ আশেপাশে মোট ২৪টি সিসিটিভি ক্যামেরা বসানো হবে। প্রতিটি ক্যামেরার দৃশ্যধারণ ক্ষমতা ৯০ মিটার পর্যন্ত। কাউন্সিলস্থলের পাশে একটি কক্ষ থেকে তারা পুরো এলাকা মনিটর করবেন। র‌্যাব-২ এর কর্মকর্তা মেজর জিয়াউল আহসান জানান, সার্বিক তত্ত্বাবধানে মূলত র‌্যাব-২ রয়েছে। তবে অন্যান্য ইউনিট থেকেও র‌্যাব সদস্যদের আনা হচ্ছে। র‌্যাবের শতাধিক সদস্য নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবেন বলে জানান তিনি। র‌্যাব কর্মকর্তা জানান, মূল কাউন্সিলস্থলে যারা যাবেন তাদের প্রত্যেককে তল্লাশি করে ঢোকানো হবে। যারা মূল কাউন্সিলস্থলে যেতে পারবেন না তাদের জন্য বাণিজ্যকেন্দ্রের মাঠে আরেকটি প্যান্ডেল তৈরী হচ্ছে।এই এলাকাটিও নিরাপত্তা বেষ্টনীর আওতায় থাকবে। এক প্রশ্নের জবাবে জিয়াউল আহসান বলেন, শুধু জঙ্গি নয় সব ধরনের নাশকতার কথা চিন্তা করেই নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রুহুল আমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কাউন্সিলকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থাকে মূলত দুটি ভাগে ভাগ করা হয়েছে। আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী হওয়ায় তার জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/আরএ/এইচএ/২১৫০ ঘ.