ঢাকা, জুলাই ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারকে 'বিদেশীদের স্বার্থ' রক্ষা না করে দেশের মানুষের জন্য কাজ করার আহবান জানিয়েছেন বিরোধী দলীয় নেতা ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া।
তিনি তৈরি পোষাক শিল্পে অস্থিরতা সৃষ্টির পেছনে 'দেশি-বিদেশী ষড়যন্ত্র' রয়েছে বলেও অভিযোগ করেন।
মঙ্গলবার রাতে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) নেতারা তার সঙ্গে দেখা করতে গেলে খালেদা জিয়া এসব কথা বলেন।
বিজিএমইএ সভাপতি আবদুস সালাম মুর্শেদীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল রাতে গুলশানের কার্যালয়ে খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন। তারা পোশাক শিল্পের বর্তমান অবস্থা নিয়ে বিরোধী দলীয় নেতার সঙ্গে মতবিনিময় করেন।
খালেদা বলেন, ''সরকারকে বলব, বিদেশীদের স্বার্থ রক্ষা না করে দেশের মানুষের জন্য কাজ করুন। তা না হলে জনগণ ফুঁসে ওঠলে বিদেশী বন্ধুরা আপনাদের বাঁচাতে পারবে না।
"দেশ ও জনগণের স্বার্থে আমরা সরকারকে সহযোগিতা করতে চাই। তবে দেশ ও জনগণের স্বার্থের বিরুদ্ধে কিছু করা হলে আমরা সরকারের বিরুদ্ধেও কর্মসূচি দিতে দ্বিধা করব না।''
প্রস্তাবিত টিপাইমুখ বাঁধ প্রসঙ্গে বিএনপি চেয়ারপার্সন বলেন, ''এ বাঁধ নির্মাণের বিষয়ে বর্তমান সরকার নিরব। আমরা এ সমস্যা সমাধানে সরকারকে সহযোগিতা করতে প্রস্তুত। এজন্য আমরা টিপাইমুখ বাঁধ বিষয়ে তথ্য-উপাত্ত উপস্থাপন করেছি। এখন সরকার ভারতকে বলতে পারে যে, দেশের মানুষ ও বিরোধী দল এই বাঁধের প্রবল বিরোধিতা করছে। তাই এ বাঁধ নির্মাণ করা যাবে না।''
তৈরি পোশাক শিল্পের উন্নয়নে তার সরকারের আমলে গৃহীত নানা পদক্ষেপ তুলে ধরেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তিনি এই শিল্পে বিদ্যমান সমস্যা সমাধানে ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের প্রতি আহবান জানান।
তিনি বর্তমান সরকারের শাসনামলের সমালোচনা করে বলেন, নির্বাচিত সরকার জনগণকে দেওয়া ওয়াদা রক্ষা করতে পারছে না। দ্র্রব্যমূল্য বাড়ছে। আর্ন্তজাতিক বাজারে দর কমার পরও বিএনপি সরকারের আমলে যে দাম ছিল, তারা সেই পর্যায়েও দ্রব্যমূল্য নামিয়ে আনতে পারছে না। আইন-শৃঙ্খলার অবস্থা ভাল নয়। আইন-শৃঙ্খলা ঠিক না থাকলে দেশের উন্নয়ন হবে না। দেশি-বিদেশি বিনিয়োগ বাড়বে না।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন, স্থায়ী কমিটির সদস্য এম শামসুল ইসলাম, সাংসদ এম কে আনোয়ার, সাবেক বাণিজ্যমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, দলের সহসভাপতি আলতাফ হোসেন চৌধুরী, সাংসদ বরকত উল্লাহ বুলু, বিজিএমইএ'র সভাপতি আবদুস সালাম মুর্শেদী, সাবেক সভাপতি কাজী মনিরুজ্জামান, ঢাকা চেম্বারের সাবেক সভাপতি প্রকৌশলী সাইফুল ইসলাম ও বিজিএমইএ'র সাবেক সভাপতি এস এম ফজলুল হক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/০০৩০ ঘ.
bdnews24