নাটোর, জুলাই ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নাটোরে আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়ি পোড়ানো, লুটপাট ও বিস্ফোরক দ্রব্য ব্যবহারের অপরাধে দণ্ডিত ৩৪ বিএনপি নেতা কর্মীকে মঙ্গলবার কারাগারে পাঠানো হয়েছে।
পাঁচটি মামলায় বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত এ সব আসামি একাধিক আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানালে আদালত তা নামঞ্জুর করে।
কারাগারে পাঠানো বিএনপির ৩৪ নেতাকর্মী হলেন- সাবেক ভূমি উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদারের বড় ভাই রফিকুল ইসলাম, নলডাঙ্গা থানা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম ও বিএনপি কর্মী ডলার, ডালিম, আজিজুল, জালাল, শফির, কাওছার, মামুনুর রশিদ, শান্তি, আমজাদ, রহিম বক্স, মকবুল, আনোয়ার, জুবায়ের, রতন, হজরত আলী, আজিজ, সেন্টু, কালু, সাইদুল, সাইফুল, আওয়াল, মোখলেছ, বাবলু, আসাদুল্লাহ, তোজাম্মেল হক, ছলিম, জালাল, মজনু, রেজাউল, আতিকুর রহমান, আব্বাছ মুন্সি ও আব্দুল হাফিজ।
নাটোর সদর উপজেলার রামশাকাজিপুর শাহপাড়া গ্রামের ফিরোজ শাহসহ (নলডাঙ্গা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক) ৪৭ আওয়ামী লীগ নেতাকর্মীর বাড়িতে বিস্ফোরক ব্যবহার করে ক্ষতি সাধনের অপরাধে ২০০৭ সালের ২৬ জুলাই বিশেষ ট্রাইব্যুনাল এদের ৬ থেকে ১০ বছর কারাদণ্ড দেয়।
দুপুরে এরা নাটোরের বিশেষ ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করেন। আসামিরা উচ্চ আদালতে আপিল দায়েরের জন্য জামিনের আবেদন করলে বিচারক জহুরুল হক তা নামঞ্জুর করেন।
এর পরপরই আসামিদের নাটোরের মুখ্য বিচার বিভাগীয় হাকিমের আদালতে নিয়ে আসা হয়। সেখানে আরও চারটি মামলায় তাদেরকে আত্মসমর্পণ করানো হয়। শাহপাড়া গ্রামের আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাটের এসব মামলায় আসামিদের বিভিন্ন মেয়াদের কারাদণ্ড রয়েছে।
এ আদালতে এখানে আসামিদের জামিনের আবেদন করেন তাদের আইনজীবীরা। রাষ্ট্রপক্ষে পুলিশের আদালত উপ-পরিদর্শক (সিএসআই) ইজারত আলী জামিনের বিরোধিতা করে আদালতকে জানান, আসামিরা একাধিক মামলায় দণ্ডপ্রাপ্ত হয়েছে। তারা দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।
উভয় পক্ষের শুনানি শেষে হাকিম মোহাম্মদ শরীফ উদ্দিন জামিনের আবেদন নামঞ্জুর করেন। পরে আদালতের নির্দেশে আসামিদের নাটোর কারাগারে পাঠানো হয়।
২০০৪ সালের ৭ ফেব্র"য়ারি সাবেক ভূমি উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদারের ভাতিজা সাব্বির হোসেন খুনের ঘটনার জের ধরে বিএনপি কর্মীরা রামশাকাজিপুর শাহপাড়া গ্রামে ব্যাপক অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটায়।
এ ঘটনায় ১০৫ জনকে আসামি করে বেশ কিছু মামলা হয়। এসব মামলায় ৯৩ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭৩০ ঘ.
bdnews24