যশোর, জুলাই ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যশোরের শার্শা উপজেলার পারইখুপি গ্রামে রোববার দুপুরে আওয়ামী লীগের দু'গ্র"পের সংঘর্ষে শফিয়ার রহমান (৩৫) নামে একজন নিহত হয়েছেন।
শফিয়ার লক্ষণপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক।
সংঘর্ষে আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন। এদের মধ্যে পারইখুপি গ্রামের হাবিবুর রহমানের ছেলে আব্দুল ওহাব (৪৫), আজিবর রহমানের ছেলে নজরুল (৪৪), ফজলুল রহমানের ছেলে মকিদুলকে (৩০) যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাকিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বিভিন্ন চিকিৎসা কেন্দ্রে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে তাদের নাম জানা যায়নি।
সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে আটক করা হয়েছে দুজনকে। পরিস্থিতি সামাল দিতে পুলিশ মোতায়নে করা হয়েছে বলে জানিয়েছেন শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক।
ওসি আবু বক্কর জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপুর ১২টার দিকে লক্ষণপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তফা ও সাধারণ সম্পাদক কামাল হোসেনের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষে দুপক্ষই লাঠিসোটা, ধারালো অস্ত্র নিয়ে প্রতিপক্ষের ওপর হামলা চালায়।
তিনি জানান, মোস্তফার সমর্থক সালাম এবং কামালের সমর্থক শামসুর রহমান সাবেক ইউপি সদস্য। তাদের মধ্যে এলাকার আধিপত্য এবং ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রার্থী নিয়ে দ্বন্দ্ব চলছিল। নিহত শফিয়ার সালামের পক্ষের।
তিনি জানান, সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে পুলিশ শামসু ও মোহাম্মদ আলী নামে দুজনকে গ্রেপ্তার করেছে।
দুপুর ১টার দিকে ঘটনাস্থল থেকে শার্শা থানার উপ-পরিদর্শক ওমর শরীফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। বর্তমানে পরিস্থিতি শান্ত।"
তিনি জানান, শফিয়ারের মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। ময়না তদন্তের জন্য যশোর সদর হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।
লক্ষণপুর ইউনিয়ন আওয়ামী লীগে সভাপতি গোলাম মোস্তফা অভিযোগ করেন, কামালের সমর্থকরা অতর্কিতে তার সমর্থকদের ওপর হামলা চালিয়েছে।
এ ব্যাপারে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামাল হোসেনের সঙ্গে কথা বলা যায়নি।
যশোর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. মনির হাসান জানান, আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। বর্তমানে তারা আশংকামুক্ত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৬৩২ ঘ.
bdnews24