ঢাকা, জুলাই ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্থায়ী গঠনতন্ত্র জমা দেওয়ার জন্য সময় আগামী বছরের ৩১ জানুয়ারি পর্যন্তবাড়ানোর আবেদন জানিয়ে রোববার নির্বাচন কমিশনে (ইসি) চিঠি দিয়েছে প্রধান বিরোধী দল বিএনপি।
আইন অনুযায়ী, নিবন্ধন টিকিয়ে রাখতে রাজনৈতিক দলগুলোকে ২৫ জুলাইয়ের মধ্যে স্থায়ী গঠনতন্ত্র জমা দিতে হবে। তবে ইসি জানিয়েছে, কোনও দল সময় বাড়ানোর আবেদন করলে সে সুপারিশ তারা সরকারকে জানাবে।
ক্ষমতাসীন আওয়ামী লীগের মুখপাত্র সৈয়দ আশরাফুল ইসলাম ইতোমধ্যে জানিয়েছেন, ইসি সুপারিশ করলে সরকার তা বিবেচনা করবে।
বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন স্বাক্ষরিত সময় বাড়ানোর আবেদন নিয়ে রোববার দুপুরে ইসি সচিবালয়ে যান দলের দপ্তর সম্পাদক রিজভী আহমেদ।
তিনি সাংবাদিকদের বলেন, "স্থায়ী গঠনতন্ত্র জমা দেওয়ার সময় ৩১ জানুয়ারি পর্যন্ত বাড়ানোর আবেদন আমরা দিয়েছি। এর আগে ১৬ জুলাই বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে আলোচনায় সিইসি ও অপর দুই নির্বাচন কমিশনার এক্ষেত্রে ইতিবাচক সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছিলেন।"
তিনি বলেন, "তৃণমূল পর্যায়ের থেকে জাতীয় পর্যায় পর্যন্ত নির্বাচনের মধ্য দিয়ে সব কমিটি গঠনের জন্য আমাদের এই সময় প্রয়োজন।"
ইসি কর্মকর্তারা জানান, নিবন্ধিত ৩৯টি দলের মধ্যে রোববার পর্যন্ত বিএনপিসহ ১১টি দল সময় বাড়ানোর আবেদন জানিয়েছে।
ক্ষমতাসীন আওয়ামী লীগ প্রথমে সময় বাড়ানোর আবেদন করার সিদ্ধান্ত নিলেও পরে ওই অবস্থান থেকে সরে আগামী ২৪ জুলাই দলীয় কাউন্সিলের ঘোষণা দিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এমআই/১৫৩০ ঘ.
bdnews24