ঢাকা, জুলাই ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক স্পিকার জমিরউদ্দিন সরকার নবম জাতীয় সংসদে তার সদস্যপদ খারিজের বিষয়ে সংসদীয় তদন্ত কমিটির সুপারিশকে 'অসাংবিধানিক' বলে অভিহিত করেছেন।
বৃহস্পতিবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে দেওয়া এক সাক্ষাৎকারে বিএনপির এই সাংসদ বলেন, সরকার সুপারিশটি বাস্তবায়নের চেষ্টা করলে তদন্ত কমিটির সুপারিশকে হাইকোর্টে চ্যালেঞ্জ করবেন তিনি।
এর আগে এদিনই সংসদে উত্থাপিত তদন্ত কমিটির প্রতিবেদনে জমিরউদ্দিন সরকারের সংসদ সদস্য পদ খারিজের সুপারিশ করা হয়।
সেইসঙ্গে কমিটির প্রতিবেদনে সাবেক ডেপুটি স্পিকার আখতার হামিদ সিদ্দিকী ও সাবেক প্রধান হুইপ খোন্দকার দেলোয়ার হোসেনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়।
অষ্টম জাতীয় সংসদের স্পিকার জমিরউদ্দিন সরকারের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তদন্তে গত ১৯ মার্চ আওয়ামী লীগের সাংসদ ফজলে রাব্বী মিয়াকে প্রধান করে ১১ সদস্যের এই তদন্ত কমিটি গঠন করা হয়।
জমিরউদ্দিন বলেন, "একজন সাংসদের সদস্যপদ কীভাবে যাবে তা সংবিধানের ৬৬ অনুচ্ছেদে স্পষ্ট বলা আছে। এই অনুচ্ছেদ অনুযায়ী আদালত কর্তৃক অপ্রকৃতিস্থ বা দেউলিয়া ঘোষণা হলে অথবা ফৌজদারি মামলায় সর্বনিু দুই বছরের কারাদণ্ডে দণ্ডিত হলে তার সদস্যপদ বাতিল হবে।
এছাড়া অন্য কোনও কারণে সংসদ সদস্যপদ বাতিল হতে পারে না সংবিধান অনুযায়ী। সুতরাং সদস্যপদ বাতিলের এই সুপারিশ অসাংবিধানিক ও অবৈধ।"
তিনি বলেন, "সরকার তদন্ত কমিটির সুপারিশ অনুযায়ী আমার সদস্যপদ বাতিল করতে চাইলে আমি উচ্চতর আদালতের শরণাপন্ন হব। কারণ, আদালত এখন স্বাধীন। আশা করি আদালত আমার পক্ষে রায় দেবে।"
তিনি আরও বলেন, "সপ্তম সংসদের স্পিকার হুমায়ুন রশিদ চৌধুরী গাড়ি ব্যবহারের জন্য তার চেয়ে দেড় গুণের বেশি অর্থ ব্যয় করেন।
"এর পাশাপাশি তিনি তার চিকিৎসা বাবদ সংসদ সচিবালয় থেকে ৩৫ লাখ টাকা নেন জাতীয় সংসদ সচিবালয় আইন ১৯৯৪ অনুযায়ী। আমিও ওই আইন অনুসারে স্বচ্ছ প্রক্রিয়ায় আমার চিকিৎসা বাবদ ২৭ লাখ টাকা নিয়েছিলাম।
"আমি লিখিতভাবে নিশ্চয়তা দিয়েছি যে যদি কোনও দিন সংসদ এ বিষয়ে প্রশ্ন তোলে তবে সুপ্রিম কোর্টের নির্দেশনা মোতাবেক আমি ওই টাকা ফেরত দেবো। সুতরাং আমার টাকা নেওয়ার মধ্যে কোনও অস্বচ্ছতা ছিল না।"
তিনি জানান, কোনও আইনের ব্যাখ্যার জন্য সুপ্রিম কোর্ট হচ্ছে যথাযথ কর্তৃপক্ষ।
জমিরউদ্দিন বলেন, "অষ্টম সংসদে আমি যে রীতি চালু করেছিলাম সে রীতিতেই বর্তমান স্পিকার আব্দুল হামিদ গাড়ি ব্যবহার করছেন। স্পিকারের গাড়ি ব্যবহারের ক্ষেত্রে কোনও নীতিমালা নেই। সে হিসেবে আমি কম টাকা খরচ করেছি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এজে/এইচএ/২২৫৮ ঘ.
bdnews24