ঢাকা, জুলাই ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গণতন্ত্র সমুন্নত রাখতে প্রধান বিরোধী দল বিএনপিকে সংসদে ফিরে আসার আহ্বান জানিয়েছেন সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার সংসদের বাজেট অধিবেশনে সমাপনী বক্তব্যে তিনি এ আহবান জানান।
শেখ হাসিনা বলেন, "দেশ ও গণতন্ত্রের স্বার্থে সংসদে এসে নিজের কথা বলুন। সংসদে তাদের ফিরে আসা উচিৎ। জনগণ তাদের রায় দিয়েছে সংসদে আসতে। এই রায় তাদের মেনে নিতে হবে।"
বিরোধী দলের উদ্দেশে তিনি বলেন, ''গণতন্ত্রকে আমাদের সমুন্নত রাখতে হবে। আমাদের স্মরণ রাখতে হবে জরুরি অবস্থার মধ্যে দুইটি বছরের কথা। সেই কথা মনে রেখে সংসদকে শক্তিশালী করতে হবে। গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র শেষ হয়ে যায়নি।"
রাত ৯টা ৮ মিনিটে সংসদ নেতা সমাপনী বক্তব্য দেন। প্রায় এক ঘণ্টার বক্তব্যে তিনি সংসদকে কার্যকর ও শক্তিশালী করতে তার সরকারের নেওয়া বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন।
গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র সর্ম্পকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে হাসিনা বলেন, "গণতান্ত্রিক সাংবিধানিক ধারাবাহিকতা বিনষ্ট করতে এবং যেকোনো চক্রান্তের বিরুদ্ধে আমাদের সজাগ থাকতে হবে।"
সংসদের প্রথম অধিবেশন সর্ম্পকে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) 'পার্লামেন্ট ওয়াচ' শীর্ষক রিপোর্টের সমালোচনা করে প্রধানমন্ত্রী একে 'পক্ষপাতদুষ্ট ও দুরভিসন্ধিমূলক' বলে অভিহিত করেন।
টিআইবি'র কার্যক্রমের কঠোর সমালোচনা করে তিনি বলেন, টিআইবি গণতন্ত্রকে হেয় করতে চায়। অসাংবিধানিক সরকারকে প্রচ্ছন্নভাবে সমর্থন করতে চায়।
এ ব্যাপারে প্রধানমন্ত্রী জনগণকে সর্তক থাকার আহ্বান জানান।
দুর্নীতির বিরুদ্ধে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকারের কঠোর অবস্থানও তুলে ধরেন তিনি।
গত ৪ জুন নবম সংসদের বাজেট অধিবেশন শুরু হয়। এ অধিবেশনের শুরু থেকে প্রধান বিরোধী দল বিএনপিসহ জামায়াতে ইসলামী ও বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) সাংসদরা অনুপস্থিত ছিলেন।
হাসিনা বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়ে বলেন, "বিভ্রান্তিমূলক কথায় কান দেবেন না। আমরা কতটুকু কাজ করছি- তা আপনারাই দেখছেন।"
১১ জুন সংসদে ২০০৯-১০ অর্থবছরের বাজেট উত্থাপন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। প্রস্তাবিত বাজেটের ওপর দীর্ঘ ৪৭ ঘণ্টা ৪৩ মিনিট আলোচনা শেষে বেশ কিছু সংশোধন এনে ৩০ জুন এটি পাস করা হয়।
সংসদের ২৫ কার্য দিবসে বাজেট আলোচনার বাইরে যুদ্ধাপরাধ বিচারের জন্য আর্ন্তজাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) অ্যাক্ট সংশোধনী বিল, জাতীয় মানবাধিকার কমিশন বিলসহ মোট ২৩টি বিল পাস হয়েছে। নিয়ম অনুযায়ী সংসদের পরবর্তী অধিবেশন শুরু হবে ৬০ দিনের মধ্যে।
প্রধানমন্ত্রী বলেন, "জনগণের সমস্যা সমাধান করতে আমাদের বাজেট বাস্তবায়নে এক হয়ে কাজ করতে হবে। সবাইকে দায়িত্ব ভাগ করে দেওয়া হবে।"
বিদ্যুৎ সমস্যা সমাধানে নতুন বিদ্যুৎ প্রকল্প স্থাপন, সৌর বিদ্যুতের ব্যবহারের উদ্যোগের কথা জানিয়ে তিনি বলেন, "আমরা বিদ্যুৎ সমস্যা সমাধানে উদ্যোগ নিয়েছি। তবে সবাইকে বিদ্যুৎ ব্যবহারে মিতব্যয়ী হতে হবে। এজন্য সবার সহযোগিতা চাই।"
বিরোধী দলের অনুপস্থিতি প্রসঙ্গে সংসদ নেতা বলেন, "আমাদের বিরোধী দল কোনো জাতীয় ইস্যুতে সংসদে আসছেন না- বিষয়টি এমন নয়। তারা ব্যক্তিগত ইস্যুতে সংসদে অনুপস্থিত রয়েছেন। প্রথম সারির আসনকে কেন্দ্র করে তারা আসছেন না, ঢাকা সেনানিবাসে ১৮০ কাঠা জমির বাড়ি যাতে হাতছাড়া না হয়- এইসব ব্যক্তিগত ইস্যুতে তারা সংসদে অনুপস্থিত রয়েছেন। এটা অযৌক্তিক।"
পাশাপাশি ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার অন্যতম আসামির ভাইকে বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদলের নেতৃত্ব দেওয়ার কঠোর সমালোচনা করেন প্রধানমন্ত্রী।
কৃষিখাতে ভুর্তকি প্রদান, খাদ্য মজুদ, খাদ্য নিরাপত্তা, খাদ্য গুদাম নির্মাণের কথা উল্লেখ করে হাসিনা বলেন, "খাদ্য নিরাপত্তা ব্যবস্থা আমরা করবো। আমরা পরনির্ভরশীল হতে চাই না।"
এছাড়া শিল্পাঞ্চল পুলিশ মোতায়েন, গ্রামীণ অর্থনীতির উন্নয়ন, চিকিৎসা সেবা প্রদান, স্থানীয় সরকার ব্যবস্থা শক্তিশালীকরণ, আশ্রয়ন কর্মসূচি, চিকিৎসক নিয়োগ, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, ব্যাংক থেকে ঋণ দিয়ে যুব সমাজকে কর্মমুখী করা, শিক্ষার উন্নয়ন, বিজ্ঞান, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, নৌ ও রেলপথের উন্নয়ন, পরিবেশ, দুর্যোগ মোকাবিলায় তার সরকারের নেওয়া নানা পদক্ষেপ বিস্তারিতভাবে তুলে ধরেন প্রধানমন্ত্রী।
সংসদ নেতা বলেন, "আমরা এ সংসদকে শক্তিশালী করতে চাই। সংসদীয় কমিটিগুলোকে শক্তিশালী করেছি। যাতে সব কর্মকাণ্ডের কেন্দ্র বিন্দু হবে সংসদ। সংসদীয় স্থায়ী কমিটির সভাপতিদের ইতোমধ্যে পতাকা দেওয়া হয়েছে। সব সাংসদকে শিগগিরই গাড়ি দেওয়া হবে।''
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমাপনী বক্তব্যে স্পিকার, ডেপুটি স্পিকার, সাংসদ, সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারিসহ আইন শৃঙ্খলাকারী বাহিনীর সদস্য ও সাংবাদিকদের ধন্যবাদ জানান।
তিনি সংসদের বাজেট অধিবেশনের সঙ্গে সম্পৃক্ত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের এক মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ প্রদানের জন্য স্পিকারের প্রতি আহ্বান জানান।
এর আগে সমাপনী বক্তব্য দেন বিরোধী দলের পক্ষে লিবারেল ডেমোক্রেটিক পার্টির সভাপতি অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/কেআরসি/এএল/এইচএ/২৩২০ ঘ.
bdnews24