২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংসদীয় কমিটির প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে বিএনপির সংসদীয় দল

সাবেক স্পিকার জমিরউদ্দিন সরকার, ডেপুটি স্পিকার আখতার হামিদ সিদ্দিকী ও প্রধান হুইপ খোন্দকার দেলোয়ার হোসেনের বিরুদ্ধে সংসদে উত্থাপিত তদন্ত প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে বিএনপির সংসদীয় দল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2009, 02:21 PM

Updated : 26 Aug 2022, 11:43 AM

ঢাকা, জুলাই ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক স্পিকার জমিরউদ্দিন সরকার, ডেপুটি স্পিকার আখতার হামিদ সিদ্দিকী ও প্রধান হুইপ খোন্দকার দেলোয়ার হোসেনের বিরুদ্ধে সংসদে উত্থাপিত তদন্ত প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে বিএনপির সংসদীয় দল। বৃহস্পতিবার সন্ধ্যায় সংসদ ভবনের মিডিয়া সেন্টারে এক সংবাদ ব্রিফিঙে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিরোধী দলের চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক তদন্ত প্রতিবেদনটি নাকচ করে দেন। তিনি বলেন, "বিএনপিকে দেশের মানুষের কাছে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করতে রাজনৈতিক উদ্দেশ্যে এটা করা হয়েছে। আমরা এই তদন্ত প্রতিবেদন প্রত্যাখ্যন করছি। কারণ এই কমিটি করার কোনো আইনগত ভিত্তি নেই। বিধি ও আইনসম্মতভাবে এই কমিটি করা হয়নি।'' জয়নুল আবদিন ফারুক বলেন, কার্যপ্রণালী বিধির ১৪৭, ২৬৭, ২০৭, ২০৯ এবং সংবিধানের ৬৬ ও ৭৬ অনুচ্ছেদ অনুযায়ী এরকম কমিটি করার কোনো আইনি ভিত্তি নেই। তিনি অভিযোগ করেন, "সাবেক স্পিকারের বিরুদ্ধে অভিযোগকারীসহ সদস্যদের দিয়ে কমিটি করা হয়েছে। অভিযোগকারীদের একজনকে সভাপতি করা হয়েছে। বিধি অনুযায়ী অভিযোগকারী সংশ্লিষ্ট সচিবের কাছেও অভিযোগ করেননি।" তদন্ত কমিটির প্রতিবেদনে 'মিথ্যা তথ্য' দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। এ প্রসঙ্গে বিরোধী দলীয় চিফ হুইপ বলেন, "আমি তদন্ত কমিটির সদস্য হিসেবে কোনও বৈঠকে যোগ দেইনি। আমার কাছে কোনও নোটিশও আসেনি। অথচ কমিটির প্রতিবেদনে বলা হয়েছে, আমি নাকি কমিটির পাঠানো নোটিশ গ্রহণ করেছি।" পঞ্চম সংসদের উদাহরণ টেনে তিনি বলেন, তৎকালীন পানি সম্পদমন্ত্রী মাজেদ উল হকের বিরুদ্ধে সাংসদ তোফায়েল আহমেদ দুর্নীতির অভিযোগ করার সময় সচিব বরাবর দরখাস্ত করেছিলেন। এরপর স্পিকার একটি বিশেষ কমিটি করে তদন্তের ব্যবস্থা করেন। সংবাদ ব্রিফিংয়ে অন্যান্যের মধ্যে বিএনপি সাংসদ মাহবুব উদ্দিন খোকন ও শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি উপস্থিত ছিলেন। সাবেক স্পিকার জমিরউদ্দিন সরকারের সংসদ সদস্য পদ খারিজের সুপারিশ করেছে সংসদীয় তদন্ত কমিটি। বৃহস্পতিবার সংসদে উত্থাপিত তদন্ত কমিটির প্রতিবেদনে এ সুপারিশ করা হয়। সেইসঙ্গে কমিটির প্রতিবেদনে সাবেক ডেপুটি স্পিকার আখতার হামিদ সিদ্দিকী ও সাবেক চিফ হুইপ খোন্দকার দেলোয়ার হোসেনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে। অষ্টম জাতীয় সংসদের স্পিকার জমিরউদ্দিন সরকারের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তদন্তে গত ১৯ মার্চ আওয়ামী লীগের সাংসদ ফজলে রাব্বী মিয়াকে প্রধান করে ১১ সদস্যের এই তদন্ত কমিটি গঠন করা হয়। আত্মপক্ষ সমর্থনে বক্তব্য উপস্থাপনের জন্য জমিরউদ্দিন সরকারসহ অন্য দুজনকে তলব করা হলেও তারা সাড়া দেননি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/কেআরসি/এইচএ/২০২৫ ঘ.