ঢাকা, জুলাই ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সার্টিফিকেট জালিয়াতির মামলায় বিএনপি সাংসদ মো. হারুন-অর-রশীদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত।
সোমবার ঢাকার এক নম্বর অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. এহসানুল হক চাঁদপুর-৪ আসনের এই সাংসদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।
হারুনের আইনজীবী সানাউল্লাহ মিয়া এর সত্যতা স্বীকার করে জানান, আগামী ২১ ডিসেম্বর মামলায় রাষ্ট্রপক্ষের সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে।
গত বছরের ২৩ ডিসেম্বর চাঁদপুর-৪ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ব্যবসায়ী আব্দুল হান্নান মামলাটি দায়ের করেছিলেন। পরে ৮ ফেব্র"য়ারি সাংসদ হারুনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়।
১৯ ফেব্র"য়ারি তিনি ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে আত্মসমর্র্পণ করলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। এরপর তিনি জামিন লাভ করেন।
মামলার এজাহারে বলা হয়, বাদি আব্দুল হান্নান গত জাতীয় নির্বাচনে বিএনপির টিকিটে মনোনয়নপত্র দাখিল করেন। শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট হিসেবে তিনি রয়েল বিশ্ববিদ্যালয়ের ব্যাচেলর ডিগ্রির সনদ জমা দেন। ওই সার্টিফিকেট জাল বলে অভিযোগ এনে হারুন-অর-রশীদ নির্বাচন কমিশনে প্রার্থিতা বাতিলের আবেদন জানালে কমিশন হান্নানের প্রার্থিতা বাতিল করে দেয়।
মামলায় আব্দুল হান্নান অভিযোগ আনেন, হারুন নিজে জাল সার্টিফিকেট দাখিল করে তার প্রার্থিতা বাতিল করিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/আরএ/এএল/এসকে/২৩৪৪ঘ.
bdnews24