চট্টগ্রাম, জুলাই ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নিউ মার্কেট এলাকার দোস্ত ভবনে সোমবার দক্ষিণ জেলা বিএনপি কার্যালয়ে সভা করা নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিলে পুলিশ তা নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে।
এতে আহত হন কমপক্ষে পাঁচজন।
দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক কমিটিতে স্থান না পাওয়া নেতা-কর্মীরা বিকেলে দোস্ত বিল্ডিং ভবনের কার্যালয় দখল করে নেয়। তারা কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয় চত্বরে বিক্ষোভ-মিছিল ও সমাবেশ করে।
এরই মধ্যে আহবায়ক সাংসদ জাফরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে কমিটির সদস্য ও সমর্থকরা পার্টি কার্যালয়ে আলোচনা সভা করতে আসেন।
এ সময় উভয় গ্র"পের সমর্থকদের মধ্যে উত্তেজনা দেখা দিলে পুলিশ লাঠিচার্জ করে। আহত পাঁচজনের মধ্যে রয়েছেন বিক্ষুব্ধ অংশের নেতা জসিম উদ্দিন, যুবদল নেতা আব্দুল গফুর, ছাত্রদল কর্মী রেজাউল করিম। অপর দু'জনের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
তাদের স্থানীয় একটি ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
এই ঘটনার পর নিউমার্কেট এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সাধারণ লোকজন ছুটে পালাতে থাকে এবং আশপাশের দোকান-পাট বন্ধ হয়ে যায়।
কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সালাহউদ্দিন মাহমুদ বলেন, দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিলে এক পক্ষকে হটিয়ে দেওয়ার জন্য পুলিশ মৃদু লাঠিচার্জ করে।
পুলিশের লাঠিচার্জের পর বিক্ষুব্ধ অংশের নেতা-কর্মীরা দোস্ত বিল্ডিং ভবন থেকে সরে গেলে সাংসদ জাফরুল ইসলামের নেতৃত্বাধীন নতুন কমিটি তাদের আলোচনা সভা শুরু করে। সভায় আহবায়ক কমিটির সদস্যরা বক্তব্য রাখেন।
এদিকে বিক্ষুব্ধ অংশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিতর্কিত চট্টগ্রাম দক্ষিণ জেলা আহবায়ক কমিটি বাতিলের দাবি জানানো হয়। এতে তাদের শান্তিপূর্ণ সমাবেশে পুলিশি হামলার নিন্দা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কমিটি পুনর্গঠন না করা পর্যন্ত কঠোর আন্দোলন চালিয়ে যাওয়া হবে বলে ঘোষণা দেওয়া হয়।
চট্টগ্রামে বিএনপির আহবায়ক কমিটি গঠন নিয়ে বিবদমান বিভিন্ন অংশের মধ্যে বিরোধ ক্রমেই তীব্র হয়ে উঠছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/টিআর/২৩২৪ ঘ.
bdnews24