ঢাকা, জুলাই ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টিপাইমুখে বাঁধ নির্মাণের প্রতিবাদে এবং ভারতীয় হাইকমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তীকে প্রত্যাহারের দাবিতে রোববার গুলশানে ভারতীয় হাইকমিশনের সামনে বিক্ষোভকারীদের উপর পুলিশি হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন ও বিরোধী দলের নেতা খালেদা জিয়া।
রাতে এক বিবৃতিতে তিনি এ প্রতিবাদ জানান।
এতে বলা হয়, "ল্যাম্পপোস্ট নামের একটি সংগঠন আজ (রোববার) টিপাইমুখে বাঁধ নির্মাণ ও ভারতীয় হাইকমিশনারের ধৃষ্টতাপূর্ণ মন্তব্যের প্রতিবাদে ভারতীয় হাইকমিশনে স্মারকলিপি দিতে গেলে সরকারের নির্দেশে পুলিশ তাদের ওপর বর্বরোচিত হামলা চালায়। এতে নারীসহ ওই সংগঠনের অনেক কর্মী গুরুতর আহত হয়েছেন। পুলিশ কয়েকজন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করে নিয়ে যায়। আমি এ বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।"
খালেদা বলেন, জাতীয় স্বার্থের পক্ষে দাঁড়াতে গিয়ে বাংলাদেশী নাগরিকরা আজ নিজ দেশের সরকারের হাতে নিগ্রহের শিকার হচ্ছেন। এ ধরনের পরিস্থিতি জাতীয় স্বাধীনতা-সার্বভৌমত্বের জন্য মোটেও অনুকূল নয়।
বিবৃতিতে তিনি গ্রেপ্তারকৃতদের অবিলম্বে মুক্তি এবং আহতদের উপযুক্ত ক্ষতিপূরণ ও হামলার জন্য দায়ী ব্যক্তিদের শাস্তি দাবি করেন।
সকালে ভারতীয় হাইকমিশনের সামনে ল্যাম্পপোস্ট নামের একটি সংগঠনের কর্মীরা টিপাইমুখে বাঁধ নির্মাণের প্রতিবাদে বিক্ষোভ করে। এ সময় তাদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এতে পাঁচ পুলিশসহ কমপক্ষে ১৫ জন আহত হয়। ঘটনাস্থল থেকে পুলিশ দুই বিক্ষোভকারীকে গ্রেপ্তার করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএস/এইচএ/২৩১৫ঘ.
bdnews24