সাতক্ষীরা, জুলাই ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সাতক্ষীরা শহরের মুন্সীপাড়া এলাকায় শনিবার রাতে সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি নাজমুল হাসানের ওপর হামলা হয়েছে। হামলাকারীরা তাকে কুপিয়ে জখম করে।
নাজমুলকে প্রথমে সাতক্ষীরা সদর হাসপাতাল ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি ঘটলে তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ ঘটনায় পুলিশ জামায়াতে ইসলামী সমর্থক ছাত্র শিবিরের ১৪ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে।
ছাত্রলীগ নেতারা অভিযোগ করেছেন, রাতে রাজারবাগান এলাকার কলেজ ছাত্রাবাসে ফেরার সময় শিবির কর্মীরা নাজমুলকে ধরে নিয়ে যায়। তারা হত্যার উদ্দেশ্যে তাকে কুপিয়ে অচেতন অবস্থায় কলেজ ছাত্রাবাসের সামনে ফেলে রেখে যায়।
সদর থানার কর্তব্যরত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) গঙ্গারাণী জানান, নাজমুল হাসানের ওপর হামলার ঘটনায় রোববার ভোররাতে শহরের রাজারবাগান এলাকা, মোসলেমা কিন্ডার গার্টেন, কয়েকটি মেস ও জামায়াতের কেন্দ্রীয় নেতা ইজ্জতউল্লাহ'র বাড়ি থেকে ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এরা হলেন- আব্দুস সালাম (১৯), আজাহারুল ইসলাম (১৮), সাইফুল ইসলাম (২০), আমিনুল হক (১৮), শরিফুল ইসলাম (১৯), আবুবক্কর সিদ্দিক (২০), সিরাজুল ইসলাম (১৮), আখতারুজ্জামান (২১), সিরাজুল (১৮), আল আমিন (২০), নজিবুল বাশার (১৮), হাবিবুর রহমান (১৮), সিরাজ হোসেন (১৮) ও আবু মুছা (১৯)।
এরা সবাই ছাত্র শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী বলে তিনি জানান।
এসআই গঙ্গারাণী বলেন, হামলার ঘটনায় জেলা ছাত্রলীগ সভাপতি কাজী আক্তার হোসেন বাদী হয়ে ২০ শিবির নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছেন।
আক্তার আহত নাজমুলের বরাত দিয়ে সাংবাদিকবদের জানান, শিবিরের তিন 'ক্যাডার' মাসুম বিল্লাহ, শহীদ ও রোকনের নেতৃত্বে সন্ত্রাসীরা তাকে (নাজমুলকে) অপহরণের পর হত্যার চেষ্টা করে।
জেলা ছাত্রলীগ সভাপতি আরও জানান, বেশ কিছুদিন ধরে সরকারি কলেজে ছাত্রলীগ ও শিবিরের মধ্যে উত্তেজনা চলে আসছিল।
এদিকে, হামলার প্রতিবাদে রোববার সকালে কলেজ শাখা ছাত্রলীগ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে। বিকেলে শহর শাখা ছাত্রলীগ আরেকটি বিক্ষোভ মিছিল বের করে। তারা নাজমুলের ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে স্লোগান দেয়।
নাজমুলের ওপর হামলার পর শনিবার গভীর রাতে ছাত্রলীগ ও পুলিশ জামায়াত কার্যালয়ে চড়াও হয় বলে অভিযোগ করেছেন দলের নেতারা।
রোববার দুপুরে সংবাদ সম্মেলন করে জামায়াত নেতারা দাবি করেন, পুলিশ ও ছাত্রলীগ ক্যাডাররা কার্যালয়ের লোহার গেট, কলাপসিবল গেট এবং কাঠের দরজা ভাঙচুর করে কাগজপত্র তছনছ করেছে।
নাজমুলের ওপর হামলার অভিযোগ অস্বীকার করে শিবির নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদ জানান তারা।
জেলা জামায়াতের সেক্রেটারি মো. নূরুল হুদা বলেন, শিবিরের কোন সদস্য নাজমুলের ওপর হামলা করেনি। তারপরও পুলিশ ও ছাত্রলীগের নেতাকর্মীরা জামায়াত কার্যালয়ে হামলা চালিয়ে অরাজকতার সৃষ্টি করেছে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- জামায়াতের মজলিসে শূরার সদস্য মঈনুল হক, রবিউল বাশার, রফিকুল ইসলাম, আব্দুল বারী প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৩৪ ঘ.
bdnews24