ঢাকা, জুলাই ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন ঘোষিত কমিটিতে কথিত 'পদবঞ্চিত' নেতা-কর্মীরা বলেছে, 'সুবিচার' না পেলে তারা প্রয়োজনে আইনী পদক্ষেপ নেবে।
রোববার বিক্ষুব্ধ নেতারা সাংবাদিকদের কাছে এ কথা জানিয়েছেন।
সলিমুল্লাহ মুসলিম হলের সভাপতি দানেশুল ইসলাম বলেন, 'আমরা বিদ্রোহী না। আমরা এখনও ছাত্র আছি। আমরা ছাত্র রাজনীতি করতে চাই' ।
তিনি আরও বলেন, "আমরা নেত্রীর প্রতি আস্থাশীল। তিনি যোগ্য এবং ছাত্র রাজনীতি করতে ছাত্রদেরকেই বেছে নেবেন বলে আশা করি। আমরা তাকে আরো সময় দিতে চাই। তবে, প্রয়োজন হলে আমরা আইনী পদক্ষেপও নেবো।"
তবে এজন্য কতদিন অপেক্ষা করবেন সে ব্যাপারে দানেশুল ইসলাম কোন মন্তব্য করেনি।
ছাত্রদলের বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম সম্পাদক আকরাম হোসেন জানান, আইনী উদ্যোগের ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। তবে প্রস্তুতি নেওয়া হচ্ছে।
সুলতান সালাউদ্দিন টুকুকে সভাপতি এবং আমিরুল ইসলাম খান আলীমকে সাধারণ সম্পাদক করে গত বুধবার রাতে বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদলের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়।
কমিটিতে শহীদুল ইসলাম বাবুল সিনিয়র সহ-সভাপতি, আমিরুজ্জামান খান শিমুল যুগ্ম-সম্পাদক এবং আনিছুর রহমান খোকন সাংগঠনিক সম্পাদক হয়েছেন।
টুকু আগের কমিটির সিনিয়র সহ-সভাপতি ছিলেন। ২১ শে আগস্ট আওয়ামী লীগের সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলায় অভিযুক্ত বিএনপি নেতা আব্দুল সালাম পিন্টুর ছোট ভাই টুকু নবম জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-২ আসনে নির্বাচন করে পরাজিত হন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/এসকে/২০২৯ঘ.
bdnews24