২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে বিএনপির একাংশের সংবাদ সম্মেলনে অন্য গ্র"পের হামলা

বরিশাল মহানগর বিএনপির আহবায়ক কমিটি নিয়ে বিক্ষুব্ধদের ডাকা সংবাদ সম্মেলনে হামলা চালিয়েছে অপর অংশের কর্মী-সমর্থকরা। রোববার বিকেল চারটায় একটি হোটেলে নগর বিএনপির সাবেক সভাপতি আহসান হাবিব কামালের সমর্থকদের সংবাদ সম্মেলন শুরুর আগে ২০ নং ওয়ার্ড ছাত্রদল সভাপতি ফিরোজ খান কালুর নেতৃত্বে একদল যুবক সেখানে হামলা চালায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2009, 02:36 PM

Updated : 26 Aug 2022, 11:41 AM

বরিশাল, জুলাই ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বরিশাল মহানগর বিএনপির আহবায়ক কমিটি নিয়ে বিক্ষুব্ধদের ডাকা সংবাদ সম্মেলনে হামলা চালিয়েছে অপর অংশের কর্মী-সমর্থকরা। রোববার বিকেল চারটায় একটি হোটেলে নগর বিএনপির সাবেক সভাপতি আহসান হাবিব কামালের সমর্থকদের সংবাদ সম্মেলন শুরুর আগে ২০ নং ওয়ার্ড ছাত্রদল সভাপতি ফিরোজ খান কালুর নেতৃত্বে একদল যুবক সেখানে হামলা চালায়। এরা মহানগর বিএনপির আহ্বায়ক মাহমুদ গোলাম ছালেকের সমর্থক বলে অভিযোগ করেন হাবিব কামাল। তিনি জানান, হামলাকারীরা ব্যানার ছিনিয়ে নেয় এবং টেবিলে থাকা গ্লাস-প্লেট ভাঙচুর করে। তারা নগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মহসিন মন্টুকে লাঞ্ছিত করে। ভাঙচুরের সময় হোটেলের এক কর্মচারী আহত হওয়ায় অন্য কর্মচারীরা লাঠিসোঠা নিয়ে ধাওয়া করলে হামলাকারীরা পালিয়ে যায়। হামলাকারীরা চলে যাওয়ার পর সংবাদ সম্মেলন শুরু হয়। এতে লিখিত পড়ে শোনান মহসিন মন্টু। তিনি বলেন, আহ্বায়ক কমিটির সদস্যদের বিরুদ্ধে অনাস্থা জানাতে তারা এ সংবাদ সম্মেলন ডেকেছেন। মন্টু দাবি করেন, মাহমুদ গোলাম ছালেক সংস্কারপন্থী। ওয়ান ইলেভেনের পর বিভিন্ন সভা-সেমিনারে তিনি খালেদা জিয়া ও তার ছেলেদের নিন্দা করেছিলেন। ছালেককে বাদ দিয়ে মহানগর বিএনপির সাবেক সভাপতি আহসান হাবিব কামালকে আহ্বায়ক করার দাবি জানান তিনি। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- মহানগর বিএনপি নেতা হালিমুজ্জামান খান, জেলা যুবদল সভাপতি খাজা মো. ইকবাল, জেলা ছাত্রদল সভাপতি মনোয়ার হোসেন জিপু, রফিকুল ইসলাম শাহীন ও সাইদুর রহমান। মহানগর বিএনপির আহ্বায়ক মাহমুদ গোলাম ছালেক রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "হামলাকারীদের সঙ্গে আমার ব্যক্তিগত কোন সম্পর্ক নেই। তবে তারা দলের সঙ্গে জড়িত।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএনএস/এমএসবি/২০৪৩ ঘ.