২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জমিরউদ্দিনের 'দুর্নীতি'র তদন্ত প্রতিবেদন চূড়ান্ত

সাবেক স্পিকার মুহাম্মদ জমিরউদ্দিন সরকারের বিরুদ্ধে অভিযোগ তদন্তে গঠিত সংসদীয় কমিটি তাদের প্রতিবেদন চূড়ান্ত করেছে। তবে সংসদে পেশ করার আগে তা প্রকাশ করা হবে না বলে জানিয়েছেন কমিটির চেয়ারম্যান ফজলে রাব্বী মিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2009, 08:01 AM

Updated : 26 Aug 2022, 11:42 AM

ঢাকা, জুলাই ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক স্পিকার মুহাম্মদ জমিরউদ্দিন সরকারের বিরুদ্ধে অভিযোগ তদন্তে গঠিত সংসদীয় কমিটি তাদের প্রতিবেদন চূড়ান্ত করেছে। তবে সংসদে পেশ করার আগে তা প্রকাশ করা হবে না বলে জানিয়েছেন কমিটির চেয়ারম্যান ফজলে রাব্বী মিয়া। সাবেক স্পিকারের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ নিয়ে সাংসদদের দাবির মুখে স্পিকার আবদুল হামিদ ১১ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেন। এ কমিটি সাবেক ডেপুটি স্পিকার আখতার হামিদ সিদ্দিকী এবং সাবেক চিফ হইপ খোন্দকার দেলোয়ার হোসেনের বিরুদ্ধে অনিয়মের অভিযোগও তদন্ত করে প্রতিবেদন চূড়ান্ত করেছে। ফজলে রাব্বী মিয়া রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা প্রতিবেদন চূড়ান্ত করেছি। তবে সংসদে পেশ করার আগে তা জনসমক্ষে প্রকাশ করব না।" তিনি আরও বলেন, "জমিরউদ্দিন সরকার, সাবেক ডেপুটি স্পিকার আখতার হামিদ সিদ্দিকী এবং সাবেক চিফ হুইপ খোন্দকার দেলোয়ার হোসেন এ কমিটির বৈঠকে না যাওয়ায় আমরা আমাদের তদন্ত অনুযায়ীই প্রতিবেদন তৈরি করেছি। প্রতিবেদনের বিষয়ে সংসদই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।" গত ১৯ মার্চ গঠিত হওয়ার পর তদন্ত কমিটি মোট ১১টি বৈঠক করে। আত্মপক্ষ সমর্থনে বক্তব্য উপস্থাপনের জন্য জমিরউদ্দিন সরকারসহ অন্য দুজনকে তলব করা হলেও তারা সাড়া দেননি। এর পরিপ্রেক্ষিতে ফজলে রাব্বী মিয়া বলেছিলেন, বৈঠকে হাজির না হওয়ায় সাবেক স্পিকার ও দুই নেতা 'সংসদ অবমামনা' করেছেন। তদন্ত কমিটির অভিযোগ, জমিরউদ্দিন (বর্তমান বিএনপি সাংসদ) স্পিকার থাকাকালে তৎকালীন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী খালেদা জিয়ার অনুমতি ছাড়াই সংসদ তহবিল থেকে চিকিৎসা ভাতা হিসেবে ২৭ লাখ টাকা তোলেন। তিনি জেলা কোটার প্রতি খেয়াল না করেই সংসদীয় সচিবালয়ে কর্মচারী নিয়োগ করেছেন। কমিটি আরও অভিযোগ করে, ২০০১ সালের ২৮ অক্টোবর থেকে ২০০৯ সালের ২৫ জানুয়ারি পর্যন্ত স্পিকারের দায়িত্ব পালনকালে জমিরউদ্দিন সরকার সংসদীয় সচিবালয়ের সৌন্দর্য বর্ধনের নামে লাখ লাখ টাকা অপচয় করেছেন। এ সব অভিযোগের বিষয়ে জমিরউদ্দিন সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অভিযোগগুলো অস্পষ্ট ও অনির্দিষ্ট। উদ্দেশ্যপ্রণোদিত এ কমিটি গঠন করা হয়েছে। সাবেক ডেপুটি স্পিকার আখতার হামিদ সিদ্দিকীর বিরুদ্ধে তদন্ত কমিটির অভিযোগ হলো, তিনি তার গাড়ির জন্য লাখ লাখ টাকা ব্যয় করেছেন। তদন্ত কমিটির প্রধানকে পাঠানো এক চিঠিতে সাবেক ডেপুটি স্পিকার জানান, আগের ডেপুটি স্পিকারদের ঐতিহ্য অনুযায়ী তিনি গাড়ি ব্যবহার করেছেন। গণমাধ্যমে 'মিথ্যা' বিবৃতি দেওয়ার জন্য কমিটির প্রধান ফজলে রাব্বী মিয়ার শাস্তিও দাবি করেন তিনি। সাবেক চিফ হুইপ এবং বর্তমান বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের বিরুদ্ধে তদন্ত কমিটির অভিযোগ, 'মিথ্যা' বিবৃতি দিয়ে তিনি সংসদীয় সচিবালয় থেকে বেশ কিছু মূল্যবান সামগ্রী সরিয়ে ফেলেছেন। দেলোয়ার তার বিরুদ্ধে আনা এ অভিযোগের বিষয়ে কোনও মন্তব্য করেননি। বিযিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এফএফ/এমআই/১৪০৫ ঘ.