রাজশাহী, জুলাই ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নুতন জঙ্গি সংগঠন ইসলাম ও মুসলিম'র প্রধান সংগঠকসহ তিন নেতাকে জিজ্ঞাসাবাদ করতে পাঁচদিনের জন্য পুলিশ হেফাজতে নেওয়ার অনুমতি দিয়েছে আদালত।
শনিবার দুপুরে শুনানি শেষে রাজশাহীর বিচার বিভাগীয় হাকিম আসাফ-উদ-দৌলা এ অনুমতি দেন।
পুলিশের হেফাজতে নেওয়া ইসলাম ও মুসলিম'র তিন নেতা হলেন- প্রধান সংগঠক আব্দুর রহিম ওরফে শাহাদত, আঞ্চলিক নেতা সাজেদুর রহমান ওরফে হানিফ এবং জালাল উদ্দিন ওরফে জালাল।
শুক্রবার বিকেলে মামলার তদন্ত কর্মকর্তা রাজশাহীর বাগমারা থানার উপ-পরিদর্শক (এসআই) বাবুল আকতার তাদের আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য সাতদিন হেফাজতে নেওয়ার অনুমতি চান।
আগের দিন বাগমারা থানার উপ-পরিদর্শক (এসআই) ফিরোজ কবীর বাদী হয়ে অস্ত্র ও সন্ত্রাস দমন আইনে তাদের বিরুদ্ধে দুটি মামলা করেন।
বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ জানান, আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য শনিবার সন্ধ্যায় থানায় আনা হয়েছে।
২৮, ২৯ ও ৩০ জুন স্থানীয় পুলিশের সহায়তায় গাজীপুরের জয়দেবপুর এবং রাজশাহীর বাগমারা এলাকায় অভিযান চালিয়ে চার জঙ্গিকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ভারতে তৈরী একটি ওয়ান শ্যুটার গান, পাঁচ রাউন্ড রাইফেলের গুলি এবং কয়েকটি ইসলামী বই উদ্ধার করা করা হয়।
গ্রেপ্তার করা অপর জঙ্গি হলেন- ৩১ বছরের সাজা পাওয়া জেএমবির এহসার সদস্য মোস্তাফিজুর রহমান ওরফে মন্টু।
নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহেদীন বাংলাদেশে (জেএমবি) থেকে বেরিয়ে এসে কিছু প্রশিক্ষিত জঙ্গি সদস্য ইসলাম ও মুসলিম'র নামের গ্র"পটি গড়ে তুলেছে বলে পুলিশের বিশেষ শাখার (এসবি) কর্মকর্তারা জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১০৩ ঘ.
bdnews24