২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্রদলের ত্যাগীদের মূল্যায়নের আশ্বাস দেলোয়ারের

জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন কমিটি নিয়ে ক্ষোভ-বিক্ষোভের প্রেক্ষাপটে বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন বলেছেন, পূর্ণাঙ্গ কমিটি গঠন করার সময় ত্যাগী নেতাদের মূল্যায়ন করা হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2009, 08:35 AM

Updated : 26 Aug 2022, 11:41 AM

ঢাকা, জুলাই ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন কমিটি নিয়ে ক্ষোভ-বিক্ষোভের প্রেক্ষাপটে বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন বলেছেন, পূর্ণাঙ্গ কমিটি গঠন করার সময় ত্যাগী নেতাদের মূল্যায়ন করা হবে। দলের ছাত্র সংগঠনের নতুন কমিটির নেতাদের নিয়ে শুক্রবার বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানান দেলোয়ার। সুলতান সালাউদ্দিন টুকুকে সভাপতি এবং আমিরুল ইসলাম খান আলীমকে সাধারণ সম্পাদক করে বুধবার রাতে বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদলের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়। তাদের নেতৃত্বে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। নতুন কমিটিকে প্রত্যাখ্যান করে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রামসহ বিভিন্ন স্থানে বৃহস্পতিবার বিক্ষোভ হয়েছে। খোন্দকার দেলোয়ার বলেন, "কমিটি নিয়ে ক্ষোভ-বিক্ষোভ থাকতেই পারে। চেয়ারপারসন নেতাদের সঙ্গে আলোচনা করে কমিটি অনুমোদন দিয়েছেন। দলের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ হয়ে এখন কাজ করতে হবে। কমিটিতে ত্যাগী নেতা-কর্মীদের মূল্যায়ন করা হবে।" ছাত্রদলের নতুন নেতৃত্বকে স্বাগত জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, "ছাত্রদলে নতুন যাত্রা শুরু হলো। নতুন নেতৃত্ব তৃণমূল থেকে সংগঠনকে শক্তিশালী করবে। মাঠ পর্যায়ের নেতা-কর্মীদেরও মূল্যায়নও করবে।" শেরেবাংলা নগরে জিয়ার কবর প্রাঙ্গণে শুক্রবার দুপুরে ছাত্রদলের নেতা-কর্মীরা সমবেত হয়। পুষ্পমাল্য অর্পণের পর মোনাজাতও করা হয়। নতুন নেতাদের শপথ পড়ান বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক ফজলুল হক মিলন। জিয়ার কবরে শ্রদ্ধা জানানোর সময় নতুন কমিটির সভাপতি সুলতান সালাউদ্দিন, সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম খান আলিম, সিনিয়র সহসভাপতি শহিদুল ইসলাম বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুজ্জামান খান শিমুল, সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান খোকনের সঙ্গে আরও ছিলেন ছাত্রদলের সাবেক সভাপতি রিজভী আহমেদ, শহীদউদ্দিন চৌধুরী এ্যানী, হাবিবুন নবী খান সোহেল, শাহাবুদ্দিন লাল্টু; সাবেক সাধারণ সম্পাদক খায়রুল কবির খোকন ও নাজিম উদ্দিন আলম, সাবেক নেতা এবিএম মোশাররফ হোসেন এবং সদ্য বিদায়ী কমিটির সভাপতি আজিজুল বারী হেলাল ও সাধারণ সম্পাদক শফিউল বারী বাবু। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৪৪৩ ঘ.