২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সমর্থন-প্রত্যাখ্যান, ঢাবিতে দুটিই পেল ছাত্রদলের নতুন কমিটি

জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন কমিটিকে প্রত্যাখ্যান করে সংগঠনের একটি অংশের নেতাকর্মীরা বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মিছিল-সমাবেশ করেছে। অন্যদিকে নতুন কমিটি ফুলেল শুভেচ্ছা পেয়েছে অপর অংশের কাছ থেকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2009, 11:00 AM

Updated : 26 Aug 2022, 11:41 AM

ঢাকা, জুলাই ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন কমিটিকে প্রত্যাখ্যান করে সংগঠনের একটি অংশের নেতাকর্মীরা বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মিছিল-সমাবেশ করেছে। অন্যদিকে নতুন কমিটি ফুলেল শুভেচ্ছা পেয়েছে অপর অংশের কাছ থেকে। সুলতান সালাউদ্দিন টুকুকে সভাপতি এবং আমিরুল ইসলাম খান আলীমকে সাধারণ সম্পাদক করে বুধবার রাতে বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদলের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে শহীদুল ইসলাম বাবুল সিনিয়র সহ-সভাপতি, আমিরুজ্জামান খান শিমুল যুগ্ম-সম্পাদক এবং আনিছুর রহমান খোকনকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। টুকু ছাত্রদলের আগের কমিটির সিনিয়র সহ-সভাপতি ছিলেন। ২১ শে আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় অভিযুক্ত বিএনপি নেতা আব্দুল সালাম পিন্টুর ছোট ভাই টুকু নবম জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-২ আসনে নির্বাচন করে পরাজিত হন। সাধারণ সম্পাদক আলীমের বাড়ি সিরাজগঞ্জ জেলায়। বৃহস্পতিবার দুপুরে নতুন কমিটির নেতারা মধুর কেন্টিনে এলে একদল নেতাকর্মী তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানায়। প্রায় একই সময় নতুন কমিটিকে প্রত্যাখ্যান করে ক্যাম্পাসে মিছিল বের হয়। মিছিল থেকে নতুন কমিটির নেতাদের বিরুদ্ধে শ্লোগান দেওয়া হয়। মিছিল শেষে সমাবেশে কমিটি পুনর্বিবেচনার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রতি অনুরোধ জানানো হয়। অপরাজেয় বাংলার পাদদেশের ওই সমাবেশে ছাত্রদল সলিমুল্লাহ হল শাখার সভাপতি দানেসুল ইসলাম বলেন, নতুন কমিটির নেতারা বয়স্ক এবং কারও কারও বিরুদ্ধে জঙ্গি সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। এ জন্য আমরা কমিটি পুনর্বিবেচনার জন্য বিএনপি চেয়ারপারসনের প্রতি অনুরোধ জানাচ্ছি। এদিকে নতুন কমিটিকে শুভেচ্ছা জানিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মিছিল করেছে ছাত্রদলের নেতাকর্মীরা। নতুন কমিটির সাংগঠনিক আনিসুর রহমান খোকন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক। মিছিলে তিনিই নেতৃত্ব দেন। আনিসুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আগামী ১৫ দিনের মধ্যে ছাত্রদলের কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি দেওয়া হবে এবং সারা দেশে ছাত্রদলকে চাঙ্গা করা হবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেএফ/আরএ/এমএ/এমআই/১৭০০ ঘ.