২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টুকু সভাপতি, আলীমকে সাধারণ সম্পাদক করে ছাত্রদলের নতুন কমিটি

বিএনপির ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে। ১০১ সদস্যের নতুন কমিটিতে সুলতান সালাউদ্দিন টুকুকে সভাপতি এবং আমিরুল ইসলাম খান আলীমকে সাধারণ সম্পাদক করা হয়েছে। (সংশোধনী ও আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2009, 06:54 PM

Updated : 26 Aug 2022, 11:40 AM

ঢাকা, জুলাই ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিএনপির ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে। ১০১ সদস্যের নতুন কমিটিতে সুলতান সালাউদ্দিন টুকুকে সভাপতি এবং আমিরুল ইসলাম খান আলীমকে সাধারণ সম্পাদক করা হয়েছে। এছাড়া শহীদুল ইসলাম বাবুল সিনিয়র সহ-সভাপতি, আমীরুজ্জামান খান শিমুল যুগ্ম-সম্পাদক এবং আনিছুর রহমান খোকনকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। তাদের মধ্যে আনিছুর রহমান জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের বর্তমান কমিটির সাধারণ সম্পাদক। বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক ফজলুল হক মিলন সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া নতুন এ কমিটি অনুমোদন করেছেন। তবে কমিটির অন্য সদস্যদের নাম বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি। আজিজুল বারী হেলাল সভাপতি এবং শফীউল বারী বাবুকে সাধারণ সম্পাদক করে ২০০৪ সালে ছাত্রদলের সর্বশেষ কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়। ওই কমিটিতে সুলতান সালাউদ্দিন সিনিয়র সহ-সভাপতি ছিলেন। নবম জাতীয় সংসদ নির্বাচনে তিনি টাঙ্গাইলের একটি আসন থেকে ভোটে দাঁড়িয়ে হেরে যান। নতুন কমিটির মেয়াদ আগামী বছরের জানুয়ারী পর্যন্ত কার্যকর থাকবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমএ/এএনএস/টিআর/০১৪৭ ঘ.