২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহী বিএনপি, ছাত্রদলের দুই শীর্ষ স্থানীয় নেতা বহিস্কার

রাজশাহীতে বিএনপির কেন্দ্রীয় দপ্তর সম্পাদক রুহুল কবির রিজভীকে লাঞ্ছিত করার ঘটনায় মহানগর বিএনপি ও ছাত্রদলের দুই শীর্ষ স্থানীয় নেতাকে বহিষ্কার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2009, 06:15 PM

Updated : 26 Aug 2022, 11:40 AM

রাজশাহী, জুন ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজশাহীতে বিএনপির কেন্দ্রীয় দপ্তর সম্পাদক রুহুল কবির রিজভীকে লাঞ্ছিত করার ঘটনায় মহানগর বিএনপি ও ছাত্রদলের দুই শীর্ষ স্থানীয় নেতাকে বহিষ্কার করা হয়েছে। তাদের প্রাথমিক সদস্যপদও বাতিল করা হয়েছে। তারা হলেন রাজশাহী মহানগর বিএনপির যুগ্ম-আহ্বায়ক শফিকুল হক মিলন এবং মহানগর ছাত্রদলের সভাপতি আবুল কালাম আজাদ সুইট। মঙ্গলবার দলের কেন্দ্রীয় সহ-প্রচার সম্পাদক মহিউদ্দিন খান মোমন স্বক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিকেলে ঢাকা থেকে রাজশাহীর বিভিন্ন সংবাদপত্র কার্যালয়ে ফ্যাক্সে এ বিজ্ঞপ্তিটি পাঠানো হয়। এতে বলা হয়, দলের গঠনতন্ত্রের ৫(গ) ধারা অনুযায়ী, চেয়ারপার্সনের নির্দেশে এ পদক্ষেপ নেওয়া হয়েছে এবং অবিলম্বে^ তা কার্যকর হবে। গত ২৭ জুন রাজশাহীর একটি কমিউনিটি সেন্টারে গুনীজন সংবর্ধনা সভায় রিজভীকে লক্ষ্য করে কয়েকজন বিএনপি ও ছাত্রদল কর্মী পচা ডিম এবং ড্রেনের নোংড়া পানি ছুড়ে মারে। আবুল কালাম আজাদ সুইট সাংবাদিকদের বলেন, তিনি এ খবর লোকজনের মুখে শুনেছেন। তবে কোন লিখিত কাগজ পাননি। সেদিনের ঘটনার সঙ্গে কোনভাবেই তিনি জড়িত নন বলে দাবি করে সুইট বলেন, "আমাকে সরাসরি বিএনপি নয়, ছাত্রদল বহিস্কার করতে পারে।" শফিকুল ইসলাম মিলন বলেছেন, "আমি ঘটনার সময় সেখানে ছিলাম না। আমার বিরুদ্ধে এর আগেও অনেক ষড়যন্ত্র হয়েছে। এটিও তার অংশ হতে পারে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএনএস/টিআর/০০২২ ঘ.