ঢাকা, জুন ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারি দল সংসদের পরিবেশ কলুষিত করেছে অভিযোগ করে প্রধান বিরোধী দল বিএনপি সংসদ বর্জনের পক্ষে তাদের যুক্তি তুলে ধরে বলেছে, সংসদে যাওয়ার পরিবেশ নেই।
মঙ্গলবার দুপুরে সংসদ ভবনের মিডিয়া সেন্টারে এক সংবাদ ব্রিফিংয়ে বিরোধী দলের চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক বলেন, "সরকারি দল একতরফা আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে বিষোদগারের মাত্রা বাড়িয়ে দিয়ে বিরোধী দলের সংসদে যাওয়ার পরিবেশ আরও কলুষিত করেছে।
"সরকারি দলের একজন সিনিয়র নেতা বিরোধী দলকে সংসদ থেকে পদত্যাগ করে চলে যেতে বলেছেন। এর মাধ্যমে প্রমাণিত হয়েছে যে তারা সংসদকে এক দলীয় করতে চান।"
২০০৯-১০ অর্থবছরের বাজেট মঙ্গলবার জাতীয় সংসদে পাস হয়েছে। বাজেট অধিবেশনে এখন পর্যন্ত যোগ দেয়নি বিএনপি।
সোমবার বাজেট আলোচনার শেষ দিনে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেন গুপ্ত সংসদে বলেন, "বিরোধী দল ছাড়া সংসদ কার্যকর হতে পারে না। বিরোধী দলকে বলব, সংসদে এসে কথা বলুন। জনগণ আপনাদের প্রতিনিধি হিসেবে পাঠিয়েছে, সেই দায়িত্ব পালন করুন। সংসদে না আসলে পদত্যাগ করুন।"
সুরঞ্জিতের এ বক্তব্যের প্রতিক্রিয়ায় জয়নুল আবদিন ফারুক হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, "আমরা সরকারি দলের এ মানসিকতার নিন্দা জানাই। সরকারি দলকে স্মরণ করিয়ে দিতে চাই, সংসদ বিরোধী দল শূন্য হলে সরকারের আয়ু ও অস্তিত্বও যে অনিশ্চিত হয়ে পড়বে, কথাটা যেন তারা ভুলে না যান।"
সংসদে যোগ না দেওয়ার পেছনের কারণের মধ্যে বিরোধী দলকে প্রথম সারিতে 'সম্মানজনক' আসন না দেওয়া এবং বিরোধী দলীয় নেতার সংসদের 'প্রাপ্য সুবিধা' না পাওয়ার বিষয়ও উল্লেখ করেন তিনি।
জয়নুল আবদিন বলেন, "সংসদে বিরোধী দলের নেতার বিরুদ্ধে সরকারি দল একতরফা ও অসত্য প্রচরণা চালাচ্ছে। খালেদা জিয়াকে তার বাসভবন থেকে উচ্ছেদের জন্য সরকার সর্বাত্মক চেষ্টা করেছে। বিষয়টি এখন আদালতে বিচারাধীন।
"বিষয়টি নিয়ে সরকার রাষ্ট্রীয় মিডিয়ায় এবং সভা-সমিতিতে বৈরী প্রচরণা চালাচ্ছে। প্রধানমন্ত্রী নিজেও এ নিয়ে প্রচারণামূলক বক্তব্য দিয়েছেন। এটা খুবই দুঃখজনক।"
বাজেট অধিবেশনে সরকারি দলের সদস্যরা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্পর্কে লাগামহীন বক্তব্য দিয়েছেন বলেও অভিযোগ করেন বিরোধী দলের চিফ হুইপ।
সংবাদ ব্রিফিংয়ে সংসদে ফিরে আসার 'পরিবেশ' সৃষ্টির জন্য সরকারি দল ও স্পিকারকে আবারও আহবান জানান তিনি।
এ সময় বিএনপির অন্যান্য সাংসদের মধ্যে বরকতউল্লাহ বুলু, রেহানা আখতার রানু, নীলুফার চৌধুরী মনি, সৈয়দা আসিফা আশরাফী পাপিয়া, নীলুফার বেগম হীরা ও শাম্মী আখতার উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এজে/এমআই/১৫৫৫ ঘ.
bdnews24