২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আত্মসমর্পণের পর শাহজাহান সিরাজ কারাগারে

সাবেক বন ও পরিবেশমন্ত্রী শাহজাহান সিরাজকে কারাগারে পাঠিয়েছে আদালত। দুটি মামলায় সাজাপ্রাপ্ত এই বিএনপি নেতা মঙ্গলবার আদালতে আত্মসমর্পণ করেন। জরুরি অবস্থার সময় শাহজাহান সিরাজের অনুপস্থিতেই কর ফাঁকি ও সম্পদের তথ্য গোপনের মামলায় তার সাজা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2009, 06:57 AM

Updated : 26 Aug 2022, 11:40 AM

ঢাকা, জুন ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক বন ও পরিবেশমন্ত্রী শাহজাহান সিরাজকে কারাগারে পাঠিয়েছে আদালত। দুটি মামলায় সাজাপ্রাপ্ত এই বিএনপি নেতা মঙ্গলবার আদালতে আত্মসমর্পণ করেন। জরুরি অবস্থার সময় শাহজাহান সিরাজের অনুপস্থিতেই কর ফাঁকি ও সম্পদের তথ্য গোপনের মামলায় তার সাজা হয়। বিএনপির এই সহসভাপতির স্ত্রী, ছেলে এবং ছেলের বউও সাজাপ্রাপ্ত। কর ফাঁকির মামলায় সকালে ঢাকা মহানগর বিশেষ জজ আদালত-৪ এ আত্মসমর্পণ করেন শাহজাহান সিরাজ। তার পক্ষে অ্যাডভোকেট আশরাফ উল আলম, ব্যারিস্টার ওমর সাদত, সারওয়াত সিরাজ আদালতে বলেন, তত্ত্বাবধায়ক সরকারের সময় শাহজাহান সিরাজের নামে হয়রানিমূলক মামলা দায়ের করা হয়। জীবন বাঁচাতে তিনি গ্রেপ্তার এড়িয়ে ছিলেন। তিনি অসুস্থ। অ্যাম্বুলেন্সে করে আদালতে এসেছেন। আইনজীবীরা বলেন, দণ্ডিত ব্যক্তি বাংলাদেশের স্বাধীনতার ইশতেহার পাঠ করেছেন। মুক্তিযুদ্ধে রয়েছে তার গুরুত্বপূর্ণ ভূমিকা। ওই সময় রাষ্ট্র পক্ষের আইনজীবী বিশেষ পাবলিক প্রসিকিউটর মোশাররফ হোসেন কাজল বলেন, জাতি এ জন্য তার কাছে কৃতজ্ঞ। এর পর দুপুর ১টায় বিচারক জেসমিন আনোয়ার দণ্ডিত শাহজাহান সিরাজকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আদালতের আদেশে কারাগারে তাকে বিশেষ মর্যাদা দেওয়া এবং সুচিকিৎসার ব্যবস্থা নিতেও বলা হয়েছে। সম্পদের তথ্য গোপনের মামলায় শাহজাহান সিরাজকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়েছে। ২০০৭ সালের ২৯ আগস্ট কর ফাঁকি ও কর সংক্রান্ত তথ্য গোপনের অভিযোগে জাতীয় রাজস্ব বোর্ডের দায়ের করা মামলায় শাহজাহান সিরাজকে ৮ বছর কারাদণ্ড দেয় আদালত। সম্পদের তথ্য গোপন করার মামলায় ২০০৮ সালের ২৩ এপ্রিল শাহজাহান সিরাজের ১৩ বছর সাজা হয়। এ মামলাটি দায়ের করে দুর্নীতি দমন কমিশন। কর ফাঁকির মামলায় শাহজাহান সিরাজের স্ত্রী রাবেয়া সিরাজ এবং ছেলে রাজিব সিরাজ ও পুত্রবধূ ফারজানা খানও সাজাপ্রাপ্ত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এমআই/১২৪৯ ঘ.