ঢাকা, জুন ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জননিরাপত্তা আইনের মামলায় ফেনীর সাবেক আওয়ামী লীগ সাংসদ জয়নাল হাজারীকে চার মাসের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছে হাইকোর্ট।
রোববার বিচারপতি মো. মোজাম্মেল হোসেন ও বিচারপতি বজলুর রহমানের বেঞ্চ হাজারীর জামিন আবেদনের পরিপ্রেক্ষিত এই আদেশ দেয়।
সেইসঙ্গে এ মামলায় তাকে কেন স্থায়ী জামিন মঞ্জুর করা হবে না আগামী চার সপ্তাহের মধ্যে তার কারণ দর্শাতে সরকারের প্রতি রুল জারি করা হয়েছে।
হাজারীর কৌসুলি অ্যাডভোকেট আবদুল বাসেত মজুমদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "হাজারীর বিরুদ্ধে দায়ের করা ২৩ টি মামলার মধ্যে এই নিয়ে ২১ টি মামলায় তিনি জামিন পেলেন। আর দু'টি মামলায় জামিন পেলে তিনি কারাগার থেকে মুক্তি পাবেন।"
২০০১ সালের ১ জুন ফেনী সদর থানায় পুলিশ হাজারীর বিরুদ্ধে জননিরাপত্তা আইনে এ মামলাটি দায়ের করেছিল।
এ মামলায় হাজারীর পক্ষে জামিন আবেদনের ওপর শুনানি করেন সিনিয়র অ্যাডভোকেট আবদুল বাসেত মজুমদার।
গত ১৫ মে জয়নাল হাজারী নিু আদালতে আত্মসমর্পন করলে তাকে কারাগারে পাঠানো হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এইচএ/২১২৬ ঘ.
bdnews24