২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে জাসাস'র অনুষ্ঠানে বিএনপি নেতা রিজভী লাঞ্ছিত

রাজশাহী নগরীতে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) এক অনুষ্ঠানে শনিবার একদল উচ্ছৃঙ্খল যুবকের হাতে বিএনপির কেন্দ্রীয় দপ্তর সম্পাদক রিজভী আহমেদ লাঞ্ছিত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2009, 04:21 PM

Updated : 26 Aug 2022, 11:39 AM

রাজশাহী, জুন ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজশাহী নগরীতে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) এক অনুষ্ঠানে শনিবার একদল উচ্ছৃঙ্খল যুবকের হাতে বিএনপির কেন্দ্রীয় দপ্তর সম্পাদক রিজভী আহমেদ লাঞ্ছিত হয়েছেন। এ ঘটনায় জড়িত সন্দেহে ছাত্রদলের দু'জনকে আটক করা হলেও দলের নেতারা পরে তাদের ছাড়িয়ে নেন বলে পুলিশ জানায়। প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রমজান আলী জানান, দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর একটি কমিউনিটি সেন্টারে জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও গুণীজন পদক প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। রিজভী আহমেদ বক্তব্য দেওয়ার সময় কয়েকজন যুবক তার দিকে পচা ডিম ও আলুর চপ ছুড়ে মারে এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে। তারা 'রিজভী হটাও, বিএনপি বাঁচাও' শ্লোগান লেখা লিফলেটও বিতরণ করে। এ সময় অনুষ্ঠানস্থলে হট্টগোল ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে সাবেক মেয়র মিজানুর রহমান মিনুসহ দলের নেতারা পরিস্থিতি শান্ত করেন। রমজান আলী আরও বলেন, ঘটনাস্থল থেকে ছাত্রদল কর্মী রাজশাহী কলেজের গণিত বিভাগের ৩য় বর্ষের শাকিল আহমেদ এবং ৪র্থ বর্ষের ছাত্র ইসলাম হোসেনকে আটক করে পুলিশ। পরে বিএনপি নেতারা এ দু'জনকে ছাড়িয়ে নিয়ে যান। প্রায় ২০ মিনিট বন্ধ থাকার পর অনুষ্ঠান আবার শুরু হয়। মিজানুর রহমান মিনু সাংবাদিকদের বলেন, যারা এই ঘটনা ঘটিয়েছে তারা একেবারেই অপরিচিত, বহিরাগত। অনুষ্ঠান শেষে রিজভী আহমেদ ঢাকায় রওনা হন বলে জানান তিনি। জেলা জাসাসের সভাপতি মনিরুল ইসলাম মনির সভপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ফাইসুল ইসলাম ফারুকী। বক্তব্য রাখেন- জিয়া পরিষদের কেন্দ্রীয় সভাপতি এমএ মালেক, রাবি শাখার সভাপতি আবদুল হামিদ, সাবেক সভাপতি সোহরাব উদ্দিন প্রমুখ। অনুষ্ঠানে সাবেক মেয়র মিনুসহ চার গুণীজনকে পদক দেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২২২৮ ঘ.