২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জরুরি অবস্থাকালীন নির্যাতনের তদন্ত ও বিচার করুন: খালেদা

জরুরি অবস্থার সময়ে সব 'নির্যাতনের' ঘটনা তদন্ত ও তার বিচারের কার্যকর ব্যবস্থা নিতে সরকারের প্রতি দাবি জানিয়েছেন বিরোধী দলের নেতা খালেদা জিয়া। নির্যাতন বিরোধী আর্ন্তজাতিক দিবসের প্রাক্কালে বুধবার রাতে এক বিবৃতিতে তিনি এ দাবি জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2009, 05:16 PM

Updated : 26 Aug 2022, 11:39 AM

ঢাকা, জুন ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জরুরি অবস্থার সময়ে সব 'নির্যাতনের' ঘটনা তদন্ত ও তার বিচারের কার্যকর ব্যবস্থা নিতে সরকারের প্রতি দাবি জানিয়েছেন বিরোধী দলের নেতা খালেদা জিয়া। নির্যাতন বিরোধী আর্ন্তজাতিক দিবসের প্রাক্কালে বুধবার রাতে এক বিবৃতিতে তিনি এ দাবি জানান। খালেদা জিয়া বলেন,'' জরুরি অবস্থার সময়ে নির্যাতিত রাজনীতিক, ব্যবসায়ী ও সম্মানিত নাগরিকদের প্রতিটি ঘটনার উপযুক্ত তদন্ত ও বিচারের জন্য অনতিবিলম্বে কার্যকর পদক্ষেপ নিতে বর্তমান সরকারের প্রতি আমি আহবান জানাচ্ছি। কারণ বাংলাদেশ নির্যাতন বিরোধী জাতিসংঘ কনভেনশনে স্বাক্ষরকারী দেশ।'' বিবৃতিতে খালেদা জিয়া জরুরি অবস্থার সময়ের ঘটনাপ্রবাহ তুলে ধরে বলেন,'' জরুরি অবস্থার আওতায় তদানীন্তন সেনাপ্রধান মইন উ আহমেদের সমর্থনপুষ্ট একটি অসাংবিধানিক সরকার স্থাপন করা হয়েছিল।'' খালেদা বলেন, এর আওতায় 'অবৈধ সরকারটি' তিনি ও তার দলের নেতা এবং তার দুই ছেলেকে বন্দি করে নির্যাতন করেছে। একই সঙ্গে অন্য রাজনৈতিক দলের নেতা-কর্মীদেরও আটক করে নির্যাতন চালায়। খালেদা জিয়া বর্তমান সরকার আমলেও তার দলের নেতা-কর্মীদের ওপর কথিত নির্যাতন ও বিচারবর্হিভূত হত্যাকাণ্ডের নিন্দা জানান। তিনি বলেন,''মানবাধিকারে বিশ্বাসী সকলকে এরূপ নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার হতে আহবান জানাচ্ছি। একটি মানবিক সমাজ প্রতিষ্ঠা ও আইনের শাসন প্রবর্তনের দাবি করছি।'' বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসকে/২৩০৪ঘ.