ঢাকা, জুন ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কথিত 'রাজনৈতিক হয়রানিমূলক' মামলা প্রত্যাহারের আবেদন করার সময়সীমা তৃতীয় দফা বাড়িয়েছে সরকার। আগামী ১২ জুলাই পর্যন্ত এ আবেদন করা যাবে।
বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব মো. আব্দুল বাতেন মিঞা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য দেন।
তিনি বলেন, "এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের আবেদনপত্র সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেটের কাছে দাখিলের সময়সীমা ৩১ মে'র পরিবর্তে ১২ জুলাই পর্যন্ত বাড়ানো হল।"
এর আগে এপ্রিল মাসে প্রথম দফায় সময়সীমা বাড়িয়ে ১৭ মে নির্ধারণ করা হয়। পরে ১৪ মে দ্বিতীয় দফায় সময়সীমা বাড়িয়ে ৩১ মে করা হয়।
গত ২২ ফেব্র"য়ারি বিগত চারদলীয় জোট ও সেনা-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়কার 'রাজনৈতিক হয়রানিমূলক' মামলা প্রত্যাহার সংক্রান্ত দুটি যাচাই-বাছাই কমিটি গঠন করা হয়।
মন্ত্রী পর্যায়ের কমিটির সভাপতি আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম গত ৩১ মে জানান, তিন মাসের মধ্যে এ সংক্রান্ত সব মামলা নিষ্পত্তির পরিকল্পনা রয়েছে।
এ কমিটি গত ১০ জুন ও ২১ জুন দুই দফার বৈঠকে ১০৮টি মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে।
প্রথম বৈঠকে কমিটি ১১৩ টি মামলার আবেদন পর্যালোচনা শেষে ৬২টি প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়। এরমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা ১২টি মামলা রয়েছে। দ্বিতীয় বৈঠকে আরও ৪৬টি মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় কমিটি।
বিএনপির কোনও নেতার মামলা প্রত্যাহার না করার বিষয়ে ২১ জুন আইন প্রতিমন্ত্রী জানান, জেলা পর্যায়ের বাছাই কমিটির কাছ থেকে বিএনপির কোনও নেতার মামলা প্রত্যাহারের সুপারিশ আসেনি। এলে বিবেচনা করা হবে।
এর আগে ২০০১-০৬ সালের চারদলীয় সরকারের আমলেও আগের আওয়ামী লীগ সরকারের দায়ের করা কথিত হয়রানিমূলক মামলা প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হয়েছিল।
'রাজনৈতিক' আখ্যা দিয়ে এ প্রক্রিয়ায় ঢালাওভাবে মামলা প্রত্যাহারের সুযোগ দেওয়া নিয়ে পর্যবেক্ষক মহলে উদ্বেগ রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এজে/এসকে/২০২৬ঘ.
bdnews24