২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গবন্ধু পরিবারের সুরক্ষায় আইন হচ্ছে: সাহারা

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে আইন প্রণয়ন করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2009, 08:32 AM

Updated : 26 Aug 2022, 11:39 AM

ঢাকা, জুন ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে আইন প্রণয়ন করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। এটি দেশের মানুষের চাওয়া দাবি করে সাহারা খাতুন বলেছেন, শিগগিরই এ সংক্রান্ত আইন মন্ত্রিপরিষদে তোলা হবে। সাহারা খাতুন মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের বলেন, "শিগগিরই বঙ্গবন্ধু পরিবারের নিরাপত্তা আইন-২০০৯ প্রণয়ন করা হবে। মন্ত্রিপরিষদের সভায় অতি শিগগিরই তা উপস্থাপন করা হবে।" তিনি বলেন, "বঙ্গবন্ধুর দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানাকে বিভিন্ন সময় হত্যার চেষ্টা করা হয়েছে। দেশের মানুষ মনে করে, তাদের নিরাপত্তার জন্য আইন হওয়া দরকার। এ জন্য সরকার এ উদ্যোগ নিয়েছে।" বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে এ বিষয়ে প্রথম উদ্যোগ নেওয়া হয়। তবে ২০০১ সালে বিএনপি ক্ষমতায় এলে তা বাদ দেয়। বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল মইনুল ইসলামসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রধান এবং মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে সকালে বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী। সাহারা জানান, বাংলাদেশ-মিয়ানমারের সীমান্তে অবৈধ অনুপ্রবেশকারীদের ঠেকাতে কার্যকর ব্যবস্থা নেওয়ার বিষয়ে বৈঠকে সিদ্ধান্ত হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এফএফ/এমআই/১৪৩৮ ঘ.