জামালপুর, জুন ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে জামালপুর সদর উপজেলায় পশ্চিম পাড়া দিঘুলী গ্রামে রোববার রাতে আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষে কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন।
আহত আব্দুর রাজ্জাক (৪৮), সেলিম আহমেদ (২৮), পারভেজ মিয়া (২৮), নূরুল ইসলাম (৩৫), মতিউর রহমান (৩৮), মনিরুজ্জামান (৩৬), খোরশেদ আলম (৫৫) আব্দুল করিম (৩৬), মোজাফফর হোসেন (৪০) ও তৈয়ব আলীকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এছাড়া জামাল (২৮), সামাদ (৪০), সালাম মুন্সী (৫০), লাল মিয়া (৪৮), মোমিন আহমেদ (২০), সোহেল আহমেদ (২২), খোকন (৩০), লিটন (৩৫), মমতাজ বেগম (৩৫), রহিমা (৫০), শিরিনা আক্তার (৩২), খালেদা আক্তার (৩২), পারুল (৩৬) ও বুলবুলি (২৮) প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
এলাকার জামতলী বাজারের ব্যবসায়ী ও বিএনপি নেতা আব্দুর রাজ্জাকের ছেলে সোহেল আরমান অভিযোগ করেন, এলাকার স্বেচ্ছাসেবক লীগ নেতা জামালউদ্দিন ও শ্রমিক লীগ নেতা ছলিম উদ্দিনসহ আওয়ামী লীগের একদল কর্মী তার বাবার কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন। একইসঙ্গে জামতলী বাজার ছেড়ে অন্যত্র চলে যেতেও বলেন।
চাঁদা না পেয়ে আ'লীগের নেতা-কর্মীরা রোববার রাতে বিএনপি নেতা-কর্মীদের বাড়িতে হামলা চালায়। এ সময় তারা কয়েকজন বিএনপি নেতা-কর্মীর বাড়ি ও দোকানে ভাংচুর ও লুটপাট চালায় বলেও অভিযোগ করেন আরমান।
জামতলী শাখা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জামাল উদ্দিন অভিযোগ অস্বীকার করে বলেন, গত জানুয়ারি মাসে জামতলী বাজারে আ. লীগ-বিএনপি সংঘর্ষের ঘটনায় বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে। বিএনপি নেতা আব্দুর রাজ্জাক মামলাগুলো প্রত্যাহারের জন্য আ. লীগ নেতা-কর্মীদের চাপ দিয়ে আসছিলেন। তাতে রাজী না হওয়ায় বিএনপি সন্ত্রাসীরা আ. লীগ নেতা-কর্মীদের ওপর হামলা চালায়।
জামালপুর সদর উপজেলার নারায়ণপুর পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক আব্দুল আজিজ জানান, এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় কোনো মামলা হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২৩০১ ঘ.
bdnews24