২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আদালতের এ স্পর্শকাতর বিষয়ে জড়ানো উচিত হয়নি: মওদুদ

স্বাধীনতার ঘোষক বিষয়ে হাইকোর্টের রায়ের প্রতিক্রিয়ায় বিএনপি নেতা মওদুদ আহমেদ বলেছেন, "জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক-এটা বিএনপি বিশ্বাস করে। ''

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2009, 03:34 PM

Updated : 26 Aug 2022, 11:38 AM

ঢাকা, জুন ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্বাধীনতার ঘোষক বিষয়ে হাইকোর্টের রায়ের প্রতিক্রিয়ায় বিএনপি নেতা মওদুদ আহমেদ বলেছেন, "জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক-এটা বিএনপি বিশ্বাস করে। '' আইনজীবী মওদুদ আরও বলেন, ''বিষয়টি স্পর্শকাতর। এর সঙ্গে রাজনীতি ও আবেগ জড়িত।" রোববার সন্ধ্যায় গুলশানে নিজের বাসায় সাংবাদিকদের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সাবেক এ আইনমন্ত্রী বলেন,''স্পর্শকাতর বিষয়ে যেখানে রাজনীতি ও আবেগ জড়িত থাকে, সেখানে কিছু বলাটা ঠিক নয়। আদালতের এরকম বিষয়ে জড়ানো উচিত হয়নি।'' তিনি বলেন, হাইকোর্ট যদি রায় দিত- শেখ মুজিবুর রহমান জাতির জনক নন তা আওয়ামী লীগের নেতা-কর্মীরা কোনোভাবে মেনে নেবে না। কারণ এর সঙ্গে আওয়ামী লীগের রাজনীতি ও আবেগ জড়িত রয়েছে। তেমনিভাবে বিএনপির ক্ষেত্রে জিয়াউর রহমান নিয়ে কিছু বলা হলেও দলের নেতা-কর্মীদের বিশ্বাস ও আবেগকে বিবেচনায় আনতে হবে। রোববার হাইকোর্ট একজন মুক্তিযোদ্ধার দায়ের করা জনস্বার্থ রিট আবেদনের পরিপ্রেক্ষিতে জিয়াউর রহমান নন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানই স্বাধীনতার ঘোষক বলে রায় দেয়। সেই সঙ্গে আদালত জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক উপস্থাপন করে প্রকাশিত "বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ, দলিলপত্র"-এর তৃতীয় খণ্ড বাতিল ঘোষণা করেছে। এই খণ্ডটি দেশ-বিদেশের সব স্থান থেকে বাজেয়াপ্ত ও প্রত্যাহারেরও নির্দেশ দেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসকে/২১৪২ঘ.