রংপুর, জুন ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ক্ষমতাসীন মহাজোটের শরিক জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ দাবি করেছেন, খুব শিগগির তাকে বিশেষ দূত করা হচ্ছে।
শনিবার রাতে রংপুর জেলা জাপা কার্যালয়ে দলের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি বলেন, "চিন্তার কোনো কারণ নেই, খুব শিগগিরই আমাকে 'রাষ্ট্রপতির মর্যাদায়' বিশেষ দূত করা হবে।"
রাত পৌনে ৯টার দিকে অনুষ্ঠিত ওই মতবিনিময় সভায় এরশাদ বলেন," আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো কথা বলবেন না। তার এ পর্যন্ত কোনো ভুল করেনি। আমরা মহাজোটে আছি এবং থাকব।"
তিন বলেন, "সারাদেশে বিএনপির অস্তিত্ব নেই। তারা বিগত পাঁচ বছরে লুটপাট করেছে, দেশের সম্পদ বিদেশে পাচার করেছে, সন্ত্রাস করেছে। সে কারণে জনগণ তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। ওদের ভবিষ্যৎ শেষ হয়ে গেছে। আর কোনও দিন ওরা মাথা তুলে দাঁড়াতে পারবে না।"
এরশাদ বলেন, "বিএনপি এখন যেসব কথা বলছে তার কোনও ভিত্তি নেই। তারা বিরোধিতার খাতিরে বিরোধিতা করছে। জনগণ তাদের সঙ্গে নেই।"
তিনি বলেন, "রংপুর বিভাগ করা, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাস, পাইপ লাইনের মাধ্যমে গ্যাস সরবরাহ করাসহ সব কাজই হবে।"
"আমি ও আমার ছোট বোন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিলে রংপুরের উন্নয়নের জন্য কাজ করে যাব। আর রংপুরকে বিভাগ করাতো প্রধানমন্ত্রীর কমিটমেন্টই", বলেন এরশাদ।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন- জেলা জাতীয় পার্টির সভাপতি মশিয়ার রহমান রাঙ্গা, সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফা, নগর জাপার সভাপতি ও রংপুর পৌর সভার মেয়র আব্দুর রউফ মানিকসহ দলের নেতা-কর্মীরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএম/এমএসবি/১৭২৪ ঘ.
bdnews24